ওয়ানডে নিয়ে আফ্রিদির চিন্তায় সায় শাস্ত্রীর

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে সংস্করণের ভবিষ্যৎ নিয়ে নানামুখী আলোচনার যেন শেষ নেই। সংস্করণটা বাদ দেওয়ার মতোন  কথা যেমন এসেছে, এসেছে খেলা কমিয়ে দেওয়ার চিন্তাও। ভাবনা এলো ওভার কমিয়ে দেওয়ারও। পাকিস্তানের শহীদ আফ্রিদি যেমন চান ওয়ানডের ওভার কমিয়ে দিতে। তার চিন্তায় সায় দিলেন ভারতের রবি শাস্ত্রী।

ইংল্যান্ডের বিশ্বকাপ জেতানোর নায়ক বেন স্টোকসের ওয়ানডে ছেড়ে দেওয়া, দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সুপার লিগের পয়েন্ট ছেড়ে দেওয়ার পরই ওয়ানডে নিয়ে তৈরি হয় আলোচনা।

স্টোকসের অবসরের পর প্রথম আওয়াজ তুলেন পাকিস্তানি গ্রেট ওয়াসিম আকরাম। তিনি সংস্করণটাই তুলে দেওয়ার পক্ষে। উসমান খাওয়াজা, রবিচন্দ্র অশ্বিনের মতো বর্তমান ক্রিকেটারদের অনেকেও বলছেন, ৫০ ওভারের আবেদন এখন ম্রিয়মাণ। ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ শাস্ত্রী তো প্রতিদিনই এই বিষয়ে বিভিন্ন মাধ্যমে কথা বলে চলেছেন। তিনি পরামর্শ দিয়েছেন বিশ্বকাপ রেখে ছেঁটে ফেলা হক দ্বি-পাক্ষিক সিরিজ।

এবার তার আরেকটি চিন্তার কথা জানা গেল। সেই চিন্তা অবশ্য প্রথমে তুলেন পাকিস্তানের আফ্রিদি। ওয়ানডে এক সময় সবচেয়ে কম বলে সেঞ্চুরির মালিক ছিলেন তিনি।

স্টোকসের ওয়ানডে থেকে আকস্মিক অবসরে যাওয়ার পর পাকিস্তানের সামা টিভির এক আলোচনায় আফ্রিদি বলেছিলেন,  'ওয়ানডে ক্রিকেট এখন পানসে হয়ে গেছে। এটাকে আকর্ষণীয় করতে ৫০ ওভার থেকে খেলাটা ৪০ ওভারে নামিয়ে আনা যায়।'

ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালীন ধারাভাষ্যে এক আলোচনায় এই কথায় সায় দেন শাস্ত্রী। উদাহরণ হিসেবে তিনি দেখান ওয়ানডের ওভার সংখ্যা তো কমিয়ে আনা হয়েছে আগেও,  'ওয়ানডে যখন শুরু হয় তখন খেলা হতো ৬০ ওভারের। ১৯৮৩ সালে আমরা যেবার বিশ্বকাপ জিতলাম, সেবারও ৬০ ওভারের খেলা হয়েছিল।'

'পরে ভাবা হলো ৬০ ওভার তো অনেক লম্বা। ২০ থেকে ৪০ ওভারের সময়টা বিরক্তিকর হয়ে যায়। সেই চিন্তা থেকে ৫০ ওভারে নামিয়ে আনা হয়। এখন এটাকে ৫০ থেকে ৪০ ওভারে নামিয়ে আনতে সমস্যা কোথায়?'