ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি, মিরাজের অবনতি

স্পোর্টস ডেস্ক

আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখিয়ে সেরা দশে এসেছেন তিনি। এদিকে এই সিরিজে প্রত্যাশিত পারফর্ম না করায় দুই ধাপ নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ।

বুধবার গত এক সপ্তাহে হওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি।

তাতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে সাকিব জায়গা করে নিয়েছেন ৮ নম্বরে। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে গিয়েছিলেন মিরাজ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ভাল পারফর্ম করতে পারেনি। দুই ম্যাচে নিয়েছেন ১ উইকেট। চোটের কারণে খেলতে পারেননি তৃতীয়

দুই থেকে তাই তিনি নেমে গেছেন চারে। তাকে সরিয়ে দুইয়ে উঠে এসেছেন আফগানিস্তানের মুজিব উর রহমান। তিন নম্বরে আছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। পাঁচে আছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ জেতানো অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলায় ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সাকিব আছেন ২৮ নম্বরে। শেষ ম্যাচে সেঞ্চুরি করা তামিম ইকবাল ২৩ নম্বরে। প্রথম ম্যাচে লিটন দাস আছেন ৪৫ নম্বরে। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থান মুশফিকুর রহিমের। তিনি আছেন ১৪ নম্বরে।

ব্যাটসম্যানদের সেরা পাঁচে কোন বদল আসেনি। যথারীতি আছেন বাবর আজম, বিরাট কোহলি, রোহিত শর্মা, রস টেইলর ও অ্যারন ফিঞ্চ।