ওয়ানডে সংস্করণ নিয়ে হুমকি দেখছে না আইসিসি
ওয়ানডে সংস্করণের প্রয়োজনীয়তা আর আগ্রহ নিয়ে নানামুখী আলোচনার মাঝে ক্রিকেটের সর্বচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানাল, হুমকি নেই এই সংস্করণ নিয়ে। বরং আগামী ২০২৩-২০২৭ ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনায় (এফটিপি) বেশ উল্লেখযোগ্য সংখ্যক ওয়ানডে থাকার কথাই জানালেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস ।
ঠাসা খেলার ধকলে বিরক্ত হয়ে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর নায়ক বেন স্টোকস সম্প্রতি ওয়ানডে থেকে অবসরে যাওয়ার পর এই বিষয়ে তৈরি হয় আলোচনা। সেটাকে আরও জ্বালানি দেয় আগামী জানুয়ারিতে টি-টোয়েন্টি লিগের জন্য দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সুপার লিগের পয়েন্ট ছেড়ে দেওয়ায়।
পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেসার ওয়াসিম আকরাম তো ওয়ানডেই বিলুপ্ত করার মত দিয়ে বসেন। উসমান খাওয়াজা, রবিচন্দ্র অশ্বিনের মতো তারকারা ৫০ ওভারের গুরুত্বহীন হয়ে যাওয়ার কথা জানান। দ্বি-পাক্ষিক সিরিজ কমিয়ে দেওয়া, ওভার কমিয়ে দেওয়া নানান আলোচনা আসে রবি শাস্ত্রী, শহীদ আফ্রিদিদের মতো সাবেকদের কাছ থেকে।
আইসিসির প্রধান নির্বাহী ভিডিও কনফারেন্সে জানালেন বার্হিংহামে আইসিসি সভায় এসব বিষয় আলোচনা হয়েছে। তবে এফটিপিতে সবার মতামতের ভিত্তিতেই আগের মতোই উল্লেখযোগ্য সংখ্যক ওয়ানডে, 'এসব বিষয়ে কিছু আলোচনা হয়েছে, নির্দিষ্ট করে ওয়ানডে নিয়ে নয় কিন্তু ক্যালেন্ডার জুড়ে থাকা মিশ্র সংস্করণ নিয়ে।'
'দেশগুলো তাদের এফটিপিতে উল্লেখযোগ্য সংখ্যক ওয়ানডে পাচ্ছে।'
'কাজেই আমার মনে হয় এফটিপিতে ওয়ানডে নিয়ে তেমন কোন বদল আসছে না। আগের পরিকল্পনা অনুযায়ী সব চলছে।'
প্রায় সবগুলো ক্রিকেট বোর্ডই এখন আন্তর্জাতিক সূচির ফাঁকা সময়টায় আয়োজন করতে চায় ফ্র্যাঞ্চাইজি লিগ। একের পর এক সিরিজ আর এসব ঘরোয়া লিগের সমন্বয় অবশ্য নিজেদেরই সামলাতে বলছে আইসিসি, 'প্রত্যেকে তাদের ঘরোয়া প্রতিযোগিতার সঙ্গে আন্তর্জাতিক সূচিতে সমন্বয় করে চলবে।'
'প্রত্যেক বোর্ড কিছুটা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আছে। কাজেই একটা রূপরেখা সবার জন্য ভারসাম্য আনবে না।'
চলতি বছর আছে একটি টি-টোয়ন্টি বিশ্বকাপ, সামনের বছর ওয়ানডে বিশ্বকাপ। এরপরের বছর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ সালে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, দ্বি-পাক্ষিক সিরিজের ব্যস্ততা তো আছেই। বিরামহীন খেলার কথা স্বীকার করলেও বিষয়টি এখনো প্রবল আলোচ্য বিষয় কিনা তা তারা নির্ধারণ করতে পারেননি, 'ক্যালেন্ডারে প্রচুর চাপ আছে। কিন্তু আমি নিশ্চিত নই এটা খুব উদ্বেগের বিষয় হবে কিনা।'