ওয়ার্নাররা কী আর এমন ভুল করেছিলেন, প্রশ্ন বোর্ডারের 

স্পোর্টস ডেস্ক

বল টেম্পারিং করে ধরা পড়ায় নিষিদ্ধ হয়েছিল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার আর ক্যামেরন বেনক্রফট। অস্ট্রেলিয়ার ক্রিকেটে নেমে এসেছিল ঝড়। নিষেধাজ্ঞা কাটিয়ে সবাই ক্রিকেটে ফিরলেও ওয়ার্নারের উপর একটি খড়গ এখনো রয়ে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া যে তাকে অধিনায়কত্বের জন্য স্থায়ী নিষিদ্ধ করে রেখেছিল। বিষয়টাকে ভীষণ বাড়াবাড়ি মনে হয়েছে অ্যালান বোর্ডারের।

কুইন্সল্যান্ডে একটি ক্রিকেট ফাউন্ডেশন থেকে ৬৬ বছর বয়েসি সাবেক অজি অধিনায়কের নামে একটি মাঠ বানানো হয়েছে। এই মাঠেরই একটি আয়োজনে অংশ নিয়ে বল টেম্পারিং ও ওয়ার্নার-স্মিথদের সেই সাজা নিয়ে কথা বলেন তিনি।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে শিরিষ কাগজ দিয়ে বল বিকৃত করে ধরা পড়েন বেনক্রফট। তাকে এই নির্দেশনা দিয়েছিলেন তখনকার অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নার। স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাস ও বেনক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এছাড়া স্মিথকে বাড়তি এক বছরের জন্য অধিনায়কত্বে নিষিদ্ধ করা হয়। ওয়ার্নারের নেতৃত্বের নিষেধাজ্ঞা দেওয়া হয় আজীবনের।

এসব শাস্তিই দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। আইসিসিতে যদিও বল বিকৃতির শাস্তি একদমই এত কঠোর কিছু নয়।

শাস্তি যেমনই হোক, বল টেম্পারিং যে আদতে কোন অপরাধ না মাতেই রাজী নন বোর্ডার। তার মতে ব্যাটসম্যানদের আউট করতে এই পদ্ধতিতে যাওয়া যেতেই পারে, 'ব্যাটিং স্বর্গে বোলারদের সাহায্য করার জন্য স্বাভাবিক পদ্ধতিতে বল টেম্পারিং করতে হয়।'

'রিভার্স স্যুইং একটা বড় অস্ত্র। ফ্ল্যাট উইকেটে এখনো রিভার্স স্যুইংয়ে ব্যাটসম্যান আউট হয়। বিষয়টা ভাবতে হবে। বল হাতে নিয়ে একটা সাধারণ আঁচড় দিলেও একটা সময় রিভার্স স্যুইং শুরু হয়। এর মধ্যে ভুল কী আছে?'

'এটা কিন্তু খারাপ চিন্তা নয়। একদম ফ্ল্যাট উইকেটে বোলারদের জন্য কিছু তো দরকার। না হলে রান চলে যাবে নাগালের বাইরে। এখন সেটাই হচ্ছে। অথবা এমন উইকেট দরকার যেখানে ফল হবে।'

ক্রিকেটে নির্দিষ্ট মাত্রায় বল টেম্পারিং বৈধ করে দেওয়ার পক্ষে আরও অনেক ক্রিকেটারই কথা বলেছেন নানান সময়ে। এই আলোচনায় নতুন করে জ্বালানি দিলেন বোর্ডার।

তার মূল কথা অবশ্য ওয়ার্নারের সাজা নিয়ে। যে অপরাধকে অনেকে অপরাধ মনে করতেই রাজী না, তার জন্য এই বাঁহাতি ব্যাটারের অধিনায়কত্বের নিষেধাজ্ঞা কোনভাবেই মানতে রাজী নন ১৯৮৭ সালে অস্ট্রেলিয়াকে প্রথম বিশ্বকাপ জেতানো এই নায়ক, তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন বিশ্বের সব দলই বল টেম্পারিং করে,  'ওয়ার্নারকে অনেক কঠিন শাস্তি দেওয়া হয়েছে। অনেক দিন ধরেই শাস্তি মাথায় ঘুরছে। আমরা ধরা পড়েছি কিন্তু আমি জানি বিশ্বের সব দলই বল টেম্পারিং করে। একজন অধিনায়কও কি আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে যে সে বল টেম্পারিং করেনি? যদি কেউ বলে তবে সে ডাহা মিথ্যা বলছে। ক্রিকেটে সর্বত্রই এটা ঘটে।'