ওয়ার্নার, কামিন্সসহ চার তারকা ছাড়া পাকিস্তানে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেই অনেক বড় নাম। সীমিত সংস্করণের সিরিজে পাকিস্তানে খেলবেন না ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক। টি-টোয়েন্টিতে নেই ম্যাথু ওয়েডও।

অস্ট্রেলিয়ার হয়ে কেবল টি-টোয়েন্টি সংস্করণে খেলেন ওয়েড। পাকিস্তান সফরে তারা খেলবে কেবল একটাই টি-টোয়েন্টি ম্যাচ। ওয়েডকে তাই কেবল এক ম্যাচের জন্য সফরে নিচ্ছে না অজিরা।

টেস্ট সিরিজে পুরো শক্তির দল দিলেও সীমিত ওভারের ক্রিকেটে নতুনদের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজের পর ওয়ার্নার, কামিন্স, হ্যাজেলউডরা ব্যস্ত হয়ে পড়বেন আইপিএল। স্টার্ক ফিরে যাবেন দেশে।

এবার ২৪ বছর পর পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া। ৪ মার্চ টেস্ট দিয়ে শুরু হবে দুদলের সিরিজ। ১২ ও ২৫ মার্চ শুরু হবে সিরিজের বাকি দুই টেস্ট। ২৯ মার্চ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩১ মার্চ দ্বিতীয় ও ২ এপ্রিল হবে শেষ ওয়ানডে। সিরিজে একমাত্র টি-টোয়েন্টি হবে ৫ এপ্রিল।

পাকিস্তান সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, কেইন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।