ওয়ার্নের জন্য মেলবোর্নের স্ট্যান্ডের নাম 

স্পোর্টস ডেস্ক

কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নের আকস্মিক বিদায়ের শোক বিহ্বল গোটা ক্রিকেট বিশ্ব। তার দেশ অস্ট্রেলিয়ায় সেই শোকের মাত্রা নিশ্চিতভাবেই বেশি। ওয়ার্নের জন্য দেশটিতে চলছে মাতম। এরমধ্যে প্রধানমন্ত্রী স্কট মরিস এই ক্রিকেটারের জন্য রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের প্রস্তাব দিয়েছেন তার পরিবারকে। ভিক্টোরিয়া রাজ্য সরকার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বিখ্যাত দক্ষিণ স্ট্যান্ডের নাম দিয়েছে ওয়ার্নের নামে।

ভিক্টোরিয়ায় জন্ম নেওয়া ওয়ার্ন খেলেছেন রাজ্য দল মেলবোর্নের হয়ে। ফ্র্যাঞ্চাইজি লিগেও মেলবোর্ন স্টার্সে খেলতে দেখে গেছে তাকে। এমসিজির মাঠে ওয়ার্নের আছে অনেক কীর্তি। যে দক্ষিণ প্রান্ত থেকে বল করে হ্যাটট্রিক সহ অনেক সাফল্য পেয়েছেন সেই দিকের স্ট্যান্ডের নাম এখন থেকে শেন কেইথ ওয়ার্ন স্ট্যান্ড।

শনিবার সকালেই এমন ঘোষণা দেয় ভিক্টোরিয়া রাজ্য সরকার। ওয়ার্নের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল আগের রাতে। সকাল হতেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সামনে বাড়তে থাকে ভিড়। ওয়ার্নের ভাস্কর্যের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। 

ভিক্টোরিয়ার ট্যুরিজম মন্ত্রী মারটিন পাকুলা নিশ্চিত করেছেন রাজ্যের প্রধান ড্যানিয়েল আন্ড্রুসের সঙ্গে কথা বলে তারা মেলবোর্নের দক্ষিণ গ্যালারির নাম ওয়ার্নের নামে করার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে অন্ডুজ ও অজি প্রধানমন্ত্রী মরিসন ওয়ার্নের পরিবারের সঙ্গে যোগাযোগ করে অন্ত্যেষ্টিক্রিয়া রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজনের প্রস্তাব দিয়েছেন। কিন্তু ওয়ার্নের পরিবার জানিয়েছে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাদের আরও কিছুটা সময় লাগবে।

শুক্রবার রাতে থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে নিজের বাগানবাড়িতে মাত্র ৫২ বছর বয়েসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়ার্ন। তার ম্যানেজমেন্ট সংস্থার পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে সাবেক এই অজি তারকার মৃত্যুর খবর নিশ্চিত করে বলা হয়, 'শেনকে তার বাগানবাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং মেডিকেল স্টাফদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরানো যায়নি।'

এই কিংবদন্তি লেগ স্পিনারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের সাগরে ভাসেন বিভিন্ন দেশের ক্রিকেটার, ভক্ত সমর্থকরা।