করোনার হানার পর পাকিস্তানের বিপক্ষে একদম নতুন দল দিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাত্র দুদিন আগে ঘোষিত ইংল্যান্ড দলে হানা দেয় করোনাভাইরাস। তাতে হিসেব নিকেশ হয়ে গেছে একদম এলোমেলো। নিয়মিত অধিনায়ক ইয়ন মরগ্যানদের সবাইকে আইসোলেশনে পাঠিয়ে একদম ভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। তাতে অভিষেকের অপেক্ষাতেই আছেন ৯ ক্রিকেটার।

ইসিবি মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, সোমবার পিসিআর পরীক্ষায় তিনজন খেলোয়াড় ও ৪ ম্যানেজমেন্টে সদস্যের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

স্কোয়াডের প্রত্যেকে প্রত্যেকের সংস্পর্শে আসায় ইংল্যান্ডের স্বাস্থ্য প্রোটোকল অনুযায়ী পুরো স্কোয়াডকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

নতুন এই দলের নেতৃত্বের ভার পড়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে না থাকা অলরাউন্ডার বেন স্টোকসের উপর।

নতুন দলে টেস্ট দলের নিয়মিত মুখ জ্যাক ক্রলিকে ডাকা হয়েছে। তবে এত অদল বদলের স্কোয়াডেও ডাক পড়েনি অ্যালেক্স হেলসের। ক্রলি টেস্ট খেললেও অপেক্ষায় আছেন ওয়ানডে অভিষেকের, একই অবস্থান ড্যান লরেন্সেরও। অভিষেকের অপেক্ষায় আরও আছেন উইল জ্যাকস, ব্রাইডোন কার্স, ক্রেইগ ওভারটন, ডেভিড পেনি, জন সিম্পসন, লুইস গ্রগরি, ফিল সল্টরা।

ইংল্যান্ডের ছেলেদের ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলস তরুণদের জন্য এটাকে বড় সুযোগ হিসেবে দেখছেন,    ‘বড় মঞ্চে খেলার জন্য এটা বিশাল সুযোগ। বেশিরভাগ খেলোয়াড় ২৪ ঘণ্টা আগেও জানত না দলে সুযোগ পেতে যাচ্ছে।’

৮ জুলাই কার্ডিফে প্রথম ওয়ানডে খেলবে ইংল্যান্ড-পাকিস্তান। তিন ওয়ানডের পর দুদল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস, জ্যাক বল, ড্যানি ব্রিগস, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, লুইস জর্জ, টম হেল্ম, উইল জ্যাকস, ড্যানিয়েল লরেন্স, সাকিব মাহমুদ, দাওয়িদ মালান, ক্রেইগ ওভারটন, ম্যাট পার্কিনসন, ডেভিড পেনি, ফিল সল্ট, জন সিম্পসন, জেমস ভিন্স।