করোনায় হানায় উইন্ডিজ-পাকিস্তান সিরিজ ভেস্তে যাওয়ার শঙ্কা

স্পোর্টস ডেস্ক

সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের চার জন করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন আগে। সবশেষ পরীক্ষায় আরও পাঁচ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে পাকিস্তানের বিপক্ষে ক্যারিবিয়ানদের সীমিত ওভারের সিরিজের বাকি অংশ ভেস্তে যাওয়ার শঙ্কা জেগেছে।

বৃহস্পতিবার ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে বলেছে, নতুন আক্রান্তদের মধ্যে ক্রিকেটার তিন জন। তারা হলেন শেই হোপ, আকিল হোসেন ও জাস্টিন গ্রিভস। বাকিরা হলেন উইন্ডিজ দলের চিকিৎসক অক্ষয় মানসিং ও সহকারী কোচ রডি ইস্টউইক।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে জানিয়েছে, 'আক্রান্ত তিন খেলোয়াড় সিরিজের আগামী ম্যাচগুলোতে খেলতে পারবেন না এবং পাঁচ জনকে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড থেকে আলাদা করা হয়েছে। মেডিকেল অফিসিয়ালদের অধীনে তাদের যত্ন নেওয়া ও পর্যবেক্ষণ করা হচ্ছে। পিসিআর টেস্টে নেগেটিভ ফল না আসা পর্যন্ত তাদেরকে ১০ দিন থাকতে হবে আইসোলেশনে।'

পাকিস্তান সফররত উইন্ডিজের সবমিলিয়ে নয় সদস্য করোনা পজিটিভ হওয়ায় সিরিজ চালিয়ে যাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কার কালো মেঘ। আগে আক্রান্ত হওয়া চার জনের মধ্যে ছিলেন তিন ক্রিকেটার। তারা হলেন শেলডন কটরেল, রোস্টন চেজ ও কাইল মায়ার্স। অন্যজন সাপোর্ট স্টাফ।

আলোচনার মাধ্যমে সিরিজের ভবিষ্যৎ নির্ধারণ করার কথা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, 'সফরকারী দলের সকল সদস্যের আরেক দফা করোনাভাইরাস পরীক্ষার পর সিরিজ চালিয়ে যাওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সিডব্লিউআই ও পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) বৃহস্পতিবার সকালে একটি বৈঠক করবে।' 

ছয় ক্রিকেটার করোনা পজিটিভ হওয়ার পাশাপাশি ডেভন থমাসকেও পাচ্ছে না ক্যারিবিয়ানরা। আঙুলের চোটে ভুগছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আঘাত লেগেছিল তার।

প্রথম দুই ম্যাচে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যে ঘরে তুলেছে স্বাগতিক পাকিস্তান। এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় করাচিতে তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানোর সূচি রয়েছে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর থেকে।