করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় নেই কামিন্স, নেতৃত্বে স্মিথ

স্পোর্টস ডেস্ক

ভাই ও আরেক ক্রিকেটারের সঙ্গে একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গিয়েছিলেন প্যাট কামিন্স। কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটিই কাল হয়ে দাঁড়াল অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের জন্য। পাশের একটি টেবিলে ছিলেন করোনাভাইরাসে আক্রান্ত একজন ব্যক্তি। তার নিবিড় সংস্পর্শে আসায় অ্যাশেজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন কামিন্স। তার পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে অজিদের নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ।

বৃহস্পতিবার অ্যাডিলেডে গোলাপি বলের দিবারাত্রির টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ইংল্যান্ড। টস জেতার পর আগে ব্যাটিং বেছে নিয়েছেন স্মিথ। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে নেতৃত্ব হারানোর পর প্রথমবারের মতো অজিদের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। গত মাসে কামিন্সকে সাদা পোশাকের দলের অধিনায়ক ঘোষণার পাশাপাশি স্মিথকে সহ-অধিনায়ক করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম নাইনের প্রতিবেদন অনুসারে, ডানহাতি পেসার কামিন্স অ্যাডিলেডের একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার ভাই ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের বোলার হ্যারি কনওয়ে। সেসময় পাশের টেবিলে থাকা একজন ব্যক্তি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়। কামিন্স সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট ছেড়ে যান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। এরপর পিসিআর টেস্টে ফল নেগেটিভ এলেও তাকে সাত দিন থাকতে হবে আইসোলেশনে। স্বাভাবিক জীবনযাপনে ফেরার আগে আরও দুই দফা করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে তাকে।

এক বিবৃতিতে সিএ জানিয়েছে, কামিন্স জৈব সুরক্ষা বলয়ের কোনো প্রোটোকল ভাঙেননি। তারা আশা করছে, মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টে তিনি খেলতে পারবেন। ম্যাচটি শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর।

ক্রিকেট অস্ট্রেলিয়া আরও জানিয়েছে, বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ও অফ স্পিনার ন্যাথান লায়নও খেতে গিয়েছিলেন ওই রেস্টুরেন্টে। তবে তারা বাইরের দিকে আলাদা একটি টেবিলে বসেছিলেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগ তাদের সঙ্গে ওই ব্যক্তির সংস্পর্শকে নিবিড় মনে করছে না। তাই স্টার্ক ও লায়নকে ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়েছে।

অ্যাডিলেডে দুই দলই নেমেছে নিজ নিজ একাদশে দুইটি করে পরিবর্তন নিয়ে। অস্ট্রেলিয়ার চোট পাওয়া পেসার জস হ্যাজেলউডের জায়গা আগেই দখল করেছিলেন ঝাই রিচার্ডসন। কামিন্সের পরিবর্তে টেস্ট অভিষেক হয়েছে মাইকেল নেসেরের। তার হাতে ব্যাগি গ্রিন ক্যাপ তুলে দেন অজিদের সাবেক তারকা পেসার গ্লেন ম্যাকগ্রা। ইংল্যান্ড একাদশে ফিরিয়েছে দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে। ১৫০তম টেস্ট খেলতে নামা ব্রডকে বিশেষ ক্যাপ উপহার দেওয়া হয় ক্রিকেটের এই সংস্করণের বোলিং আক্রমণে তার দীর্ঘদিনের সঙ্গী অ্যান্ডারসনের হাত দিয়ে। বাদ পড়েছেন মার্ক উড ও জ্যাক লিচ।