করোনা পজিটিভ হেড, অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন তিনজন

স্পোর্টস ডেস্ক

চলমান অ্যাশেজে করোনাভাইরাসের হানা চলছেই। এবার আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়া দলের ব্যাটার ট্রাভিস হেড। আরও আক্রান্তের আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছে তারা।

শুক্রবার সিডনিতে যাওয়ার উদ্দেশে মেলবোর্ন থেকে বিমানে চড়ার আগে হেডের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানা যায়। সেকারণে পিছিয়ে গেছে অস্ট্রেলিয়ার যাত্রা।

ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, নিয়মিত পিসিআর পরীক্ষায় হেডের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। তবে তেমন কোনো উপসর্গ দেখা যাচ্ছে না তার। আপাতত তিনি বান্ধবীর সঙ্গে মেলবোর্নেই সাত দিনের আইসোলেশনে থাকবেন। ফলে সিডনি টেস্টে খেলতে পারছেন না তিনি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দল মিলিয়ে ক্রিকেটার হিসেবে প্রথম আক্রান্ত হয়েছেন হেড।

এর আগে সফরকারী ইংল্যান্ড দলের তিন সাপোর্ট স্টাফ ও পরিবারের চার সদস্য করোনা পজিটিভ হয়েছেন। আইসোলেশনে আছেন দলটির কোচ ক্রিস সিলভারউডও। কারণ তার পরিবারের একজন আক্রান্ত হয়েছেন। ম্যাচ রেফারি ও অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডেভিড বুনও হয়েছেন করোনা পজিটিভ।

আরও খেলোয়াড় আক্রান্ত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না স্বাগতিক অজিরা। তাই দলে ডাকা হয়েছে মিচেল মার্শ, নিক ম্যাডিনসন ও জন ইংলিসকে।

আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্টে হেডের পরিবর্তে অস্ট্রেলিয়ার একাদশে দেখা যেতে পারে উসমান খাওয়াজাকে। সেক্ষেত্রে দুই বছরের বেশি সময় পর তাকে দেখতে পাওয়া যাবে জাতীয় দলের জার্সিতে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন, এদিন সকালে পুরো অস্ট্রেলিয়া স্কোয়াড, তাদের পরিবার এবং সাপোর্ট স্টাফদের সবার পিসিআর এবং র‍্যাপিড পরীক্ষা করা হয়েছে।

দুই দলের একই চার্টার্ড ফ্লাইটে সিডনিতে উড়ে যাওয়ার কথা ছিল। তবে হেড পজিটিভ হওয়ার পর সতর্কতার অংশ হিসেবে আলাদা ফ্লাইটে যাবে তারা।

ইতোমধ্যে ৩-০ ব্যবধানে অ্যাশেজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সিডনি টেস্টের পর হোবার্টে সিরিজের শেষ টেস্ট শুরু হবে আগামী ১৪ জানুয়ারি থেকে। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে পরবর্তী দুই টেস্ট মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।