কামিন্স-স্টার্কের গোলায় কাবু পাকিস্তান
আব্দুল্লাহ শফিক-আজহার আলির জুটিতে পাকিস্তান দেখছিল বড় স্বপ্ন। ১৫০ রানের এই জুটি ভাঙার পর তাদের ব্যাটিং যেন তাসের ঘর। প্যাট কামিন্স আর মিচেল স্টার্কের আগুনে ঝাঁজে কাবু হয়েছে তারা। বাবর আজম এক প্রান্ত আগলে চেষ্টা চালালেও লাভ হয়নি। এই দুই পেসারের তোপে ২৬৮ রানে গুটিয়ে গেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া পেয়েছে বড় লিড।
লাহোরে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন পর্যন্ত ম্যাচে উত্তেজনা ছিল কম। তৃতীয় দিনেই ম্যাচের লাগাম নিয়ে নিল সফরকারীরা। পাকিস্তানকে ২৬৮ রানে গুটিয়ে ১২৩ রানের বড় লিড পেয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের কঠিন সময় দিয়ে ৫৬ রানে ৫ উইকেট নেন কামিন্স। রিভার্স স্যুয়িংয়ে মাত করে ৩৩ রানে ৪ উইকেট নেন স্টার্ক।
আগের দিনের ১ উইকেটে ৯০ রান নিয়ে নেমে সকালের দিকে বেশ ভালই ছিল পাকিস্তানের অবস্থা। দ্বিতীয় উইকেট জুটি তাদের অবস্থান করে ফেলেছিল পোক্ত। দলের ১৭০ রানে গিয়ে দ্বিতীয় আঘাত পায় তারা। ৮১ রান করা শফিককে উইকেটের পেছনে ক্যাচ বানান অফ স্পিনার ন্যাথান লায়ন।
এই ১৭০ থেকে আর ৯৮ রান যোগ করতেই বাকি ৯ উইকেট পড়েছে পাকিস্তানের। আজহার আলিকে ফেরান কামিন্স। ফাওয়াদ আলম-মোহাম্মদ রিজওয়ানকে দারুণ দুই বলে বোল্ড করেন স্টার্ক। সাজিদ আলি, নোমান আলি, হাসান আলিদের একে একে ফিরিয়ে দেন কামিন্স। ১৩১ বলে ৬৭ করা বাবরকে নবম ব্যাটসম্যান হিসেবে আউট করেন স্টার্ক, নাসিম শাহকে বোল্ড করে ইনিংসও মুড়ে দেন তিনি।
দিনের শেষভাগে ৩ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১১ রান তুলেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানকে বড় লক্ষ্য দিয়ে ম্যাচ ও সিরিজ জেতার সম্ভাবনা প্রবল তাদের।