মুশফিকের কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে 'বিশ্রাম' দেওয়ায় খুশি হননি মুশফিকুর রহিম। গণমাধ্যমে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি। সেটা স্বাভাবিকভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে তলব করে ব্যাখ্যা জানতে চেয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এর মধ্যে  বিসিবিতে ডেকে তার কারণ শোনা হয়েছে বলেও জানা গেছে। 

গত কয়েক দিনে বেশ কিছু স্থানীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন মুশফিক। সেখানে তাকে বিশ্রাম নয়, বাদ দেওয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে নির্বাচকদের যোগাযোগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। অথচ এর আগে বিসিবি নিজেদের বিবৃতিতে স্পষ্ট জানিয়েছিল বিশ্রাম দেওয়া হয় তাকে।

পাকিস্তান সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন মুশফিকের না থাকার কারণ উল্লেখ করে বলেছিলেন, 'আমাদের পরপর চারটি টেস্ট আছে। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। তার পরপরই নিউজিল্যান্ড সিরিজ। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এ জন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি।'

কিন্তু দুই পক্ষের ভিন্ন মন্তব্যের কারণে বেশ আলোচনার সৃষ্টি হয় ক্রিকেট অঙ্গনে। অনেকেই পক্ষ নিচ্ছেন মুশফিকের। আবার কেউবা বিসিবির। তবে মুশফিকের এমন মন্তব্যে বিসিবিতে তৈরি হয় অস্বস্তি। জানা গেছে, মুশফিককে তলব করে সেটাই মেটাতে চেয়েছে ক্রিকেট অপারেশন্স বিভাগ।