কার্তিককে ভারতের বিশ্বকাপ দলে না দেখলে অবাক হবেন পন্টিং

স্পোর্টস ডেস্ক

বয়স পেরিয়ে গেছে ৩৭। অনেকেই দীনেশ কার্তিকের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু এই উইকেটকিপার ব্যাটসম্যান আইপিএলে দুর্দান্ত ব্যাট করে নিজেকে তুলেছেন ভিন্ন ধাপে। দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং জানিয়েছেন, কার্তিককে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে না দেখলে অবাকই হবেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর  (আরসিবি) হয়ে আইপিলে ফিনিশিংয়ের দায়িত্ব ছিল কার্তিকের। নামতে হতো সাত নম্বর। খেলার জন্য পেতেন খুব কমই বল। তাতেই ১৬ ম্যাচে ৫৫ গড় আর টুর্নামেন্ট সেরা ১৮৩.৩৩ স্ট্রাইকরেটে করেছেন ৩৩০ রান।

এমন মুন্সিয়ানা দেখিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা করে নেন। তবে এই সিরিজে খেলছেন না ভারতের প্রথম সারির অনেক ক্রিকেটারই। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড করতে বিবেচনায় থাকবেন অনেকে।

আইপিএলে দিল্লির দায়িত্বে থাকা পন্টিং পরিষ্কার জানান, সবাই ফিরলেও কার্তিক বিশ্বকাপ দলে জায়গা দাবি রাখেন। এমনকি তার জন্য পাঁচ বা ছয় নম্বর পজিশনও আদর্শ হিসেবে দেখছেন তিনি, 'আমি তাকে দেখতে চাইব (বিশ্বকাপে)। আমি তাকে পাঁচ বা ছয় নম্বরের ভূমিকায় চাইব। সে আরসিবির হয়ে যেভাবে আইপিএলে এবার খেলেছে, তার খেলাকে সে অন্য ধাপে নিয়ে গেছে।'

'আপনি যদি আইপিএলে দেখেন, আপনার ভালো খেলোয়াড় দুই তিন ম্যাচ বা বড়জোর চার ম্যাচ আপনাকে মৌসুমে জেতাবে। এটা হলেই খুব ভাল আউটপুট হয়ে যায়। কিন্তু দীনেশ অনেকগুলো ম্যাচে প্রভাব বিস্তার করেছে। আরিসিবির আর কেউ এতটা পারেনি।'

বেঙ্গালুরুর পথচলায় বড় ভূমিকা ছিল কার্তিকের। সাত নম্বরে নেমে প্রথম বল থেকেই তেড়েফুঁড়ে ব্যাট করতেন তিনি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফিটনেসে অনেক উন্নতি করেন কার্তিক। যেসব জায়গা থেকে চার-ছক্কা বের করেছেন, অন্য অনেক তরুণের জন্যই তা হয়েছে কঠিন। এই আগ্রাসী ব্যাটারকে বিশ্বকাপে না দেখা তাই হবে বিস্ময়কর ঘটনা,  'বিরাট কোহলি বছরটা ভাল ছিল না। ম্যাক্সি ভালো শুরু পেলেও উঠানামা ছিল। কিন্তু ডিকে পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছে। তাকে ভারতের স্কোয়াডে (বিশ্বকাপ) না দেখলে আমি খুব অবাক হবো।'

দক্ষিণ আফ্রিকা সিরিজ ছাড়াও বিশ্বকাপের আগে ভারতের হাতে আছে অনেকগুলো টি-টোয়েন্টি। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি খেলার পর এশিয়া কাপও আছে অগাস্টের শেষ দিকে। এসব টুর্নামেন্টের পারফরম্যান্সও বিশ্বকাপ দল নির্বাচনে ভূমিকা রাখবে।