কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটার জহির আব্বাস আইসিইউতে

স্পোর্টস ডেস্ক

সত্তর-আশির দশকে পাকিস্তানের অনেক সাফল্যের নায়ক জহির আব্বাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন। ৭৪ বছর পেরুনো এই সাবেক ডানহাতি ব্যাটারকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানায়, দুবাই থেকে লন্ডন যাওয়ার পথে করোনাভাইরাসে আক্রান্ত হন জহির। তার কিডনির পুরনো সমস্যাও দেখা দেয়। এছাড়া তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকের বরতে গণমাধ্যমটি জানায়, তাকে এখন ডায়ালাইসিস করা হচ্ছে। কেউই এখন সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না।

zaheer Abbas
খেলোয়াড়ি জীবনে জহির আব্বাস। ফাইল ছবি- পিসিবি

১৯৬৯ থেকে ১৯৮৫ পর্যন্ত পাকিস্তানের হয়ে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট মাতান জহির। টানা রান করায় খেলোয়াড়ি জীবনে তখনকার সময়ে তাকে  'এশিয়ান ব্র্যাডম্যান' নামে ডাকা হতো।

আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়া এই ক্রিকেটারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন ক্রিকেটাররা টুইট করে সুস্থতা কামনা করেছেন।

৭৮ টেস্টের ক্যারিয়ারে  ৪৪.৭৯ গড়ে, ১২ সেঞ্চুরিতে ৫০৬২ রান করেছেন জহির। ৬২ ওয়ানডে খেলে  ৪৭.৬২ গড়ে ৭ সেঞ্চুরিতে ২৫৬২ রান আছে তার। প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ জহিরের। খেলেছেন ৪৫৯ ম্যাচ। ১০৮ সেঞ্চুরিতে রান করেছেন ৩৪ হাজার ৮৪৩।