কীসের স্বীকৃতি পেলেন, বুঝেই উঠতে পারছেন না নাসুম
প্রতি মাসে মাসে পারফরম্যান্সের ভিত্তিতে একজন করে সেরা পুরুষ ও নারী ক্রিকেটার নির্বাচন করে আইসিসি। এর আগে বাংলাদেশ থেকে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান এই স্বীকৃতি পেয়েছিলেন। এবার সেপ্টেম্বর মাসের সেরা হওয়ার লড়াইয়ে আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। কিন্তু বিষয়টা আসলেই কি তা তিনি বুঝতেই পারছেন না।
বুধবার ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে প্রকাশ করেছে 'আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ'-এর তিন জনের সংক্ষিপ্ত তালিকা। তাতে ছেলেদের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন নাসুম । বাংলাদেশের এই বাঁহাতি স্পিনারের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী ব্যাটসম্যান জাসকারান মালহোত্রা।
বৃহস্পতিবার ওমান ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন সেরে ভিডিও বার্তায় নাসুম জানালেন, অনেকের সঙ্গে কথা বলেও তার মাথায় ঢুকছে না কীসের স্বীকৃতির লড়াইয়ে তিনি, 'আসলে বিষয়টা আমিও জানতাম না। বিষয়টা আমি বুঝতেই পারিনি যে কি জিনিসটা। হোটেলে ফিরে সবার সঙ্গে কথা বলছিলাম, মুশফিক ভাইয়ের সঙ্গেও কথা বলছিলাম। অনেকের সঙ্গেই কথা বলছি, মুশফিক ভাইয়ের সঙ্গে এটা নিয়ে বেশিই কথা বলেছি। উনি বলল- "তোকে নমিনেশন করা হয়েছে, এখনো সবাই ভোট দেবে। ভোট বেশি হলে তোকে প্লেয়ার অব দ্য মান্থ করবে আরকি।" আমি সত্যি কথা বলতে এখনো বুঝে উঠতে পারিনি জিনিসটা আসলে কি। আলহামদুলিল্লাহ হয়ত এটা অনেক সম্মানের একটা বিষয়। গত সিরিজগুলো ভালো খেলেছি। এর পুরস্কার হয়তবা।'
আইসিসির ভোটিং একাডেমি ও সমর্থকদের যৌথ ভোটে নির্বাচিত করা হয় সেরাকে। ভোটিং একাডেমিতে জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের রাখা হয়েছে। তারা ভোট জমা দেন ই-মেইলে। আর নিবন্ধিত সমর্থকরা আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারেন।