কুম্বলে, লেকারের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন প্যাটেল
রেকর্ডটি ভাঙ্গার কোন উপায় ছিল না। কারণ এক ইনিংসে ১০ উইকেটের বেশি নেওয়ার তো উপায় নেই। চোখ ধাঁধানো সেই বিশ্ব রেকর্ডে নাম লেখানো যেত। সেটাই করে ফেললেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। জিম লেকার ও অনিল কুম্বলের পর ইতিহাসের তৃতীয় কোন বোলার হিসেবে এমন নজির গড়লেন তিনি।
শনিবার মুম্বাই টেস্টের দ্বিতীয় দিনে এমন রেকর্ডে নাম লেখান প্যাটেল। মোহাম্মদ সিরাজকে আউট করে ইতিহাসে নাম উঠান তিনি। ভারতকে ৩২৫ রানে অলআউট করে দিতে সব ব্যাটসম্যানের উইকেটই যায় এজাজের পকেটে। ১১৯ রানে দিয়ে ১০ উইকেট নেন প্যাটেল।
১৯৫৬ সালে ইংল্যান্ডের অফ স্পিনার লেকার ম্যানচেস্টার টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৩ রানে ১০ উইকেট তুলে এমন বিস্ময়কর রেকর্ড গড়েছিলেন। ৪৩ বছর পর ১৯৯৯ সালে তাকে স্পর্শ করেন ভারতের লেগ স্পিনার কুম্বলে। পাকিস্তানের বিপক্ষে দিল্লি টেস্টে ৭৪ রানে তিনি নেন ১০ উইকেট। ১০ উইকেট নিলেও ইতিহাসের সেরা বোলিং ফিগারের দিক থেকে তিন নম্বরে নাম উঠল এজাজের। মুম্বাই টেস্টে ৪৭.৫ ওভার বল করে এই অর্জনে নাম উঠে তার।
নিউজিল্যান্ডের ক্রিকেটার হলেও এজাজের জন্ম এই মুম্বাইতেই। পরে পরিবারের সঙ্গে পাড়ি জমান নিউজিল্যান্ডে। সেদেশের হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়াচ্ছেন তিনি। জন্ম শহরে এসে তিনি নাম লেখালেন এমন এক রেকর্ডে যা যেকোনো বোলারের জন্যই প্রায় অবিশ্বাস্য এক স্বপ্ন।