কোহলিকে একাদশে ঠাঁই দিতেই ওপেনিংয়ে ভারতের পরীক্ষা নিরীক্ষা!

স্পোর্টস ডেস্ক

রান না পাওয়ায় বিরাট কোহলির মতো তারকাও এখন নিজের জায়গা নিয়ে পড়েছেন প্রশ্নের মুখে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘনিয়ে আসতেই ছন্দহীন কোহলির স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা। ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল তো মনে করেন, কোহলিকে যেকোনোভাবে একাদশে জায়গা দিতে ওপেনিং নিয়ে নিরীক্ষা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে নেই কোহলি। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে নাকি এমনিতেই রাখা হয়নি তা পরিষ্কার করা হয়নি।

এরমধ্যে কপিল দেবের মতো তারকারা টি-টোয়েন্টিতে কোহলির জায়গা নিয়ে প্রশ্ন তুলে ফেলেছেন। ভারতের এক ঝাঁক তরুণের দুর্দান্ত পারফরম্যান্স আর কোহলির ছন্দহীনতা এই প্রশ্নকে করেছে বড়। কোহলিকে না রাখলে তার জায়গায় একজন পারফর্মারকে রাখা যাবে। এই চিন্তা ঘুরছে ভারতীয় ক্রিকেটে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন সূর্যকুমার যাদব। ওপেনে ছোটখাটো ঝড় তুলে তিনি ফেরেন ১৬ বলে ২৪ রান করে।

ইংল্যান্ডের বিপক্ষে তার আগের টি-টোয়েন্টিতে রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রিশভ পান্ত। লোকেশ রাহুল ফিট থাকলে তিনিই রোহিতের ওপেনিং সঙ্গী। এছাড়া ইশান কিশানকেও দেখা যায় এই ভূমিকায়।

এখন সূর্যকুমার ও পান্তকে এই তালিকায় যুক্ত করায় পার্থিব মিডল অর্ডার থেকে এক তরুণকে উপরে সরিয়ে কোহলির জন্য জায়গা বের করতে চাইছে টিম ম্যানেজমেন্ট,  'আসলে কোহলিকে একাদশে জায়গা করে দেওয়ার জন্যই ভারতের ওপেনিং জুটিতে এত বদল হচ্ছে। এই কারণেই কখনো পান্ত, কখনো সূর্যকুমারকে ওপেন করতে দেখছি আমরা।'

 আড়াই বছর ধরে সব ধরণের ক্রিকেটে সেঞ্চুরিবিহীন কোহলি বর্তমানে পাচ্ছেন না রানের দেখাও। তাকে ছন্দ ফেরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলানো উচিত ছিল বলেও মনে করেন সাবেক উইকেট-কিপার ব্যাটার পার্থিব,  'কোহলিকে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে দেখতে চেয়েছিলাম। কারণ ছন্দে ফেরার জন্য ওয়ানডে খুব উপযোগী। এতে বেশ কিছুটা সময় পাওয়া যায়। শিখর ধাওয়ান ও শুভমান গিল তো এভাবেই ছন্দ পেল।'