কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর কারণ ব্যাখ্যা করলেন সৌরভ
টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। আর ওয়ানডে অধিনায়কত্ব থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডই তাকে সরিয়ে দিল। বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি কারণ ব্যাখ্যা করে জানালেন একটি ঘটনা তৈরি করেছে আরেকটির প্রেক্ষাপট।
বুধবার দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণার দিনই বিস্ফোরক এক খবর দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সবচেয়ে বড় তারকা কোহলিকে ওয়ানডে অধিনায়ক থেকে সরিয়ে দায়িত্ব দেয় রোহিত শর্মাকে।
এমন একটি সিদ্ধান্ত নিতে কোহলির সঙ্গে আলোচনা হয়েছিল কিনা, সিদ্ধান্তটি আসলে কার এই নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে তুমুল আলোচনা। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) তাদের খবরে জানায় কোহলিকে অধিনায়কত্ব ছাড়তে ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছিল বোর্ড। তিনি নিজে তা না করায় কঠোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে সৌরভ জানান সিদ্ধান্তটি এসেছে যৌথভাবে। এবং এর পেছনে কাজ করেছে টি-টোয়েন্টিতে কোহলির নেতৃত্ব ছেড়ে দেওয়া, 'এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড ও নির্বাচক পরিষদ যৌথভাবেই নিয়েছে। বোর্ড আগে কোহলিকে অনুরোধ করেছিল টি-টোয়েন্টির নেতৃত্ব না ছাড়তে, কোহলি রাজি হননি। এরপর নির্বাচকরা সিদ্ধান্ত নেন সাদা বলের সংস্করণে দুজন অধিনায়ক রাখার মানে নেই। তাই ঠিক করা হয় কোহলিকে টেস্ট অধিনায়ক রাখা হবে। এবং সাদা বলের দুই সংস্করণেই নেতৃত্ব দেবে রোহিত। আমি সভাপতি হিসেবে নিজে কোহলির সঙ্গে কথা বলেছি। নির্বাচক কমিটির চেয়ারম্যানও কথা বলেছেন।'
সৌরভ জানান নতুন অধিনায়ক রোহিতের উপর তাদের ভরসা শতভাগ। তার হাত ধরেই পেতে চান সাফল্য, 'রোহিত শর্মার নেতৃত্বের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। কোহলি টেস্ট অধিনায়ক থাকছে। ক্রিকেট বোর্ডে আমরা যারা আছি তারা আত্মবিশ্বাসী যে ভারতের ক্রিকেট ঠিক পথেই আছে। সাদা বলে ভারতকে অবদান রাখায় কোহলিকে ধন্যবাদ।'
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়েন কোহলি। বিশ্বকাপেও ব্যর্থ হয় ভারত। ওয়ানডেতে নেতৃত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তার। ওয়ানডে অধিনায়ক হিসেবে ৯৫টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে ৬৫টি ম্যাচে জিতেছেন তিনি। তার অধীনে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে উঠলেও দল শিরোপা জেতেনি। ২০১৯ বিশ্বকাপেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় ভারতকে। জয়ের হার বেশি থাকলেও আইসিসি আসরে কোহলি ভারতকে ট্রফি এনে দিতে না পারায় সমালোচিত হচ্ছিলেন।