কোহলির নেতৃত্ব ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন বিসিসিআই সচিব
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের রঙিন পোশাকের দলের অধিনায়কত্বে আসবে পরিবর্তন। বিরাট কোহলির স্থলাভিষিক্ত হবেন রোহিত শর্মা। এমন প্রতিবেদন প্রকাশ করে ক্রিকেটবিশ্বকে নাড়িয়ে দিয়েছিল দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তবে এক দিনের ব্যবধানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ উড়িয়ে দিলেন সেই গুঞ্জন। তিন সংস্করণের ক্রিকেটেই কোহলি নেতৃত্ব দেওয়া চালিয়ে যাবেন বলে জানালেন তিনি।
মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জয় বলেছেন, ভারতের অধিনায়কত্বে বদল আসার সম্ভাবনা নেই, 'এমন (কোহলিকে সরিয়ে দেওয়ার) কোনো প্রস্তাব রাখা হয়নি। বিরাট (কোহলি) দলকে নেতৃত্ব দিচ্ছে এবং আমরা তাকে সমর্থন যুগিয়ে যাচ্ছি।'
সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব নিয়ে আলোচনা-সমালোচনা চলছে অনেক দিন ধরে। লম্বা সময় যাবত দায়িত্ব পালন করেও দলকে কোনো শিরোপা জেতাতে পারেননি কোহলি। অথচ তারই অনুপস্থিতিতে রোহিত চ্যাম্পিয়ন হয়েছেন নিদাহাস ট্রফি ও এশিয়া কাপে। আইপিএলেও তিনি ভীষণ সফল। মুম্বাই ইন্ডিয়ান্সকে রেকর্ড পাঁচটি শিরোপা পাইয়ে দিয়েছেন রোহিত। বিপরীতে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এখনও কোনো শিরোপা উঁচিয়ে ধরার স্বাদ নেওয়া হয়নি অধিনায়ক কোহলির।
টাইমস অব ইন্ডিয়া জানায়, আগামী অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছাড়বেন কোহলি। এরপর কেবল টেস্টে দায়িত্ব পালন করে যাবেন তিনি। তবে শিরোপা জেতায় ব্যর্থতার কারণে নয়, ব্যাটিং ক্যারিয়ারকে আরও লম্বা করতে চাপহীন থাকতে চাইছেন তিনি।
জয় যোগ করেছেন, 'আমরা এই বিষয়ে যথেষ্ট সংবেদনশীল যে, দল যখন বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে, তখন এই ধরনের প্রস্তাব মোটেও ভারতের স্বার্থ রক্ষা করে না।... যতক্ষণ দল পারফর্ম করছে, ততক্ষণ অধিনায়কত্ব পরিবর্তনের প্রশ্ন উঠবে না।'