'ক্যারিয়ার শেষে কোহলির চেয়ে বাবরের রান বেশি থাকুক'
ইমাম উল হক চান, যখন সময়ের অন্যতম সেরা দুই ব্যাটার তাদের ক্যারিয়ারের ইতি টানবেন, তখন বিরাট কোহলির চেয়ে বাবর আজমের রান বেশি থাকবে। পাশাপাশি পাকিস্তানের তারকা এই বাঁহাতি ওপেনারের দৃষ্টিতে, কোহলির চেয়ে রোহিত শর্মা অনেক বেশি প্রতিভাবান।
পাকিস্তানের অধিনায়ক ও ব্যাট হাতে বর্তমানে অসাধারণ ছন্দে থাকা ক্রিকেটার বাবর হলেন ইমামের সবচেয়ে কাছের বন্ধু। নিজ দেশের গণমাধ্যম সামা টিভির কাছে ইমাম জানিয়েছেন বাবরের কাছে তার চাওয়া কী, 'কোহলি যে একজন কিংবদন্তি তা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি কেউ ২৪০ ম্যাচের বেশি খেলে এবং আরেকজন ৮০ ম্যাচ খেলে, তাহলে তাদের মধ্যে তুলনা চলে না। তবে আমার সবচেয়ে ভালো বন্ধু ও পাকিস্তানের অধিনায়ক হিসেবে আমি চাই, সে (বাবর) কোহলির প্রচুর রেকর্ড ভেঙে ফেলুক।'
ভারতের সাবেক দলনেতা কোহলি আছেন লম্বা রান খরায়। আন্তর্জাতিক মঞ্চে গত ৭৭ ইনিংসে কোনো সেঞ্চুরি নেই তার। অন্যদিকে, ফর্মের তুঙ্গে থাকা বাবর আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা তারকা টেস্ট র্যাঙ্কিংয়ে আছেন চারে। ক্যারিয়ারের শেষে কোহলির চেয়ে বাবরের রান বেশি থাকার আশা করলেও এখনই দুজনের মধ্যে তুলনার ইচ্ছা নেই তার, 'তবে এখনই দুজনের মধ্যে তুলনা করাটা আমি বুঝতে পারি না। একজনের (কোহলি) ১০ হাজারের বেশি রান রয়েছে। তবে হ্যাঁ, তাদের ক্যারিয়ারের শেষে আমি চাই, প্রতিটি সংস্করণে কোহলির চেয়ে বাবরের অন্তত তিন-চার হাজার রান বেশি থাকুক।'
কোহলির পর ভারতের অধিনায়কত্বের ভার উঠেছে রোহিতের কাঁধে। ইমাম বলেছেন, এই দুজনের মধ্যে প্রতিভার বিচারে রোহিতকে এগিয়ে রাখেন তিনি, 'আমি অনুভব করি, রোহিতের যে প্রতিভা আছে, কোহলির তা নেই। আমি তাদের দুজনকে খেলতে দেখেছি। তবে যেভাবে রোহিত খেলে, মনে হয় যেন ব্যাটিংয়ের রিপ্লে চলছে। (বল মারার আগে) সে অনেক সময় পেয়ে থাকে।'
রোহিতকে কেন কোহলির আগে স্থান দিয়েছেন সেই ব্যাখাও দাঁড় করিয়েছেন তিনি, 'টাইমিং কি সেটার অর্থ আমি তাকে দেখে বুঝেছি কারণ আমি পয়েন্টে ফিল্ডিং করি। আমার সামনে কোহলি ব্যাট করেছে, রোহিতও করেছে। তবে সৃষ্টিকর্তা রোহিতকে বেশি সময় উপহার দিয়েছে। সে এমন একজন খেলোয়াড় যে মুহূর্তে খেলা পাল্টে দিতে পারে।'