ক্রিকেট বুদ্ধিমত্তায় বাংলাদেশ এগিয়ে ছিল, মানছে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশে এসে মন্থর আর টার্নিং উইকেট পাওয়ার প্রত্যাশা ছিল অস্ট্রেলিয়ার। তবে বাস্তবে যা পেয়েছে তা নাকি তাদের ধারণাতেও ছিল না। উইকেটের পরিস্থিতি বুঝে আদর্শ ক্রিকেট খেলে অজিদের কাবু করেছে বাংলাদেশ। মোজেজ হেনরিকস বলছেন, বাংলাদেশ ক্রিকেট বুদ্ধিমত্তাতেও তাদের হারিয়েছে।

প্রথম ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১৩১ রান করেছিল বাংলাদেশ। অজিদের ধারণা ছিল রান তাড়া হবে সহজ। কিন্তু ব্যাট করতে গিয়ে ১০৮ রানেই আটকে যায় তারা। পরের ম্যাচে আগে ব্যাটিং বেছেও লাভ হয়নি। পুরো ২০ ওভার ব্যাট তুলতে পারে মাত্র ১২১ রান।

৮ বল আগে ওই রান পেরিয়ে ৫ উইকেটে জিতে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে এই দলটির অভিজ্ঞ তারকা হেনরিকস বলছেন পরিস্থিতি বিচারে স্মার্ট ক্রিকেট খেলেছে বাংলাদেশ , 'আসলে আমার মনে হয় ওরা আজ আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট ছিল। ওদের ক্রিকেট বুদ্ধিমত্তা বেশি ছিল। বর্ষার সময়ে ওরা এরকম উইকেটে বেশি খেলেছে। সেই অভিজ্ঞতা তাদের কাজে লেগেছে।'

আইপিএলে খেলার কারণে উপমহাদেশের উইকেটে বেশ পরিচিত হেনরিকস। তবে ভারতের সেসব উইকেটের সঙ্গেও যেন মিলছে না মিরপুরের বাইশ গজ। তার মতে এমন প্রতিকূল কন্ডিশন আর তারা পাননি, 'আইপিএলে আমি ৬০ ম্যাচ খেলেছি। কিন্তু এই উইকেটে খেলে মনে হচ্ছে এটাই সবচেয়ে কঠিন, প্রতিকূল।'

'তরুণদের নিয়ে আমরা এসেছে, অনেকেই অস্ট্রেলিয়ার হয়ে আগামিতে অনেক খেলবে। আমার মনে হয় না এরচেয়ে কঠিন কন্ডিশন তারা পাবে।'

'এখানে দ্রুত মানিয়ে নিতে হবে, অজুহাতের কিছু নেই। তবে এই পরীক্ষায় পড়াটা আমাদের জন্য দারুণ । আমার মনে হয় না দেশের বাইরে এরচেয়ে কঠিন কন্ডিশন আমরা পাব।'

মন্থর উইকেটে স্লো বোলারদের উপরই বেশি আস্থা রেখেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া যেখানে তিন পেসার খেলিয়েছে বাংলাদেশ রেখেছে দুইজন। তাও মোস্তাফিজ বেশিরভাগ বলই করেছেন ধীরগতির। এই জায়গায় স্বাগতিকরা এগিয়ে গেছে বলে ধারণা হেনরিকসের,  'ওরা পাওয়ার প্লেতে ৬ ওভারই স্পিন করিয়েছে। উইকেটের আচরণ তারা জানত, সেই সুবিধা পেয়েছে। আমরা ভাবতেই পারিনি, উইকেট এমন হবে।'

দুই ম্যাচের ধাক্কায় উইকেট নিয়ে একটা ধারনা পেয়েছে সফরকারীরা। সিরিজ বাঁচানোর ম্যাচে তা কাজে লাগিয়ে ফিরতে মরিয়া তারা,  'তবে এখন উইকেট জানা হলো। আমাদের পারফরম্যান্স পর্যালোচনা করা দরকার। এমন পরিকল্পনা নিতে হবে যাতে লক্ষ্যটা ছুঁতে পারি।'