ক্রুনাল পান্ডিয়া কোভিড পজিটিভ, স্থগিত ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক

কয়েকঘন্টা পরই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার কথা ছিল ভারতের। কিন্তু  অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার কোভিড-১৯ পজিটিভ আসার পর বদলে গেছে চিত্র। সতর্কতা হিসেবে ম্যাচ আপাতত স্থগিত করে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার কলম্বোতে বাংলাদেশ সময় রাত ৮টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামার সূচি ছিল ভারত-শ্রীলঙ্কার। ম্যাচের আগে রুটিন পরীক্ষা করাতে গিয়ে মেলে খারাপ খবর। র‍্যাপিড টেস্টে কোভিড-১৯ পজিটিভ আসে ক্রুনালের।

তিনি দলের আরও ৮ জনের সংস্পর্শে থাকায় ম্যাচ স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিবি।  র‍্যাপিড পরীক্ষার এই ফল ঠিক আছে কিনা দেখতে ক্রুনালের আরেক দফা পিসিআর পরীক্ষাও করা হচ্ছে। কোভিড প্রটোকল অনুযায়ী ক্রুনালকে বাকি সবার থেকে আলাদা করা হয়েছে। 

বুধবার সকালে দুই দলের সবাইকে পিসিআর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে আরেকবার। যদি সকলের ফল নেগেটিভ আসে তাহলে বুধবার রাত ৮টায় হবে দ্বিতীয় ম্যাচে। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচের সূচিতে বদল আনা হচ্ছে না। ফলে টানা দুই দিন ম্যাচ খেলতে হবে দুদলকে।

দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কায় গিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় ভারত। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ তারা জিতেছে ৩৮ রানে।