গণমাধ্যমের নেতিবাচক খবরে প্রচণ্ড হতাশ বাংলাদেশের কোচ

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডেতে মাঝেমাঝে ভালো পারফর্ম করলেও টেস্ট আর টি-টোয়েন্টিতে বারবারই হতাশ করে বাংলাদেশ দল। টি-টোয়েন্টিতে র‍্যাঙ্কিংয়ে তলানিতে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যেতে খেলতে হচ্ছে বাছাই পর্ব। তবে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো দলই। সমর্থন পেলে হতে পারে আরও ভাল দল। বরং বাংলাদেশের ক্রিকেট নিয়ে গণমাধ্যমের নেতিবাচক খবরে প্রচণ্ড হতাশ তিনি।

জিম্বাবুয়েকে সিরিজ হারিয়ে আসার পর ঘরের মাঠে বাংলাদেশের চ্যালেঞ্জ এবার আরও কঠিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে সরব হয়েছেন বাংলাদেশের কোচ। রোববার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হাজির হয়ে জানান নিজের হতাশার কথা,  'বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রতিনিয়ত নেতিবাচক খবর পড়া প্রচণ্ড হতাশার। বুঝি না কেন মানুষ বলে আমরা ভালো টি-টোয়েন্টি দল নই। আমার মনে হয় আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে। আমি নিশ্চিত উন্নতির জায়গা আছে। আমার মনে হয় খুব ভালো টি-টোয়েন্টি দল হওয়ার রসদ আমাদের আছে।'

১০২টা টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বাংলাদেশ জিতেছে কেবল ৩৪টিতে। এরমধ্যে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড আর সহযোগিতা সদস্য দেশগুলোর বিপক্ষেই আছে ২০ জয়। অর্থাৎ আফগানিস্তানসহ র‍্যাঙ্কিংয়ের বড় দলগুলোর বিপক্ষে আছে কেবল ১৪ জয়।

বর্তমান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা বাংলাদেশকে তাই বিশ্বকাপের মূল পর্বে যেতে হলে পার হতে হতে প্রাথমিক পর্ব। তবু নিজের সীমাবদ্ধ মেনেই এই ফরম্যাটে নিয়েও অনেক আশাবাদী ডমিঙ্গো। গণমাধ্যমকে অনুরোধ করলেন ইতিবাচক কথা বলতে, 'ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মতো আমাদের শারীরিক সামর্থ্য নেই। কিন্তু আমাদের দলে কিছু স্কিলড ব্যাটসম্যান আছে। মিডিয়ার কাছে আহবান করব কিছু ইতিবাচক খবর প্রকাশ করতে, কারণ সব সময় নেতিবাচক খবর বাজে প্রভাব ফেলে। আমি আপনার সঙ্গে একেবারেই একমত না। আমি মনে করি না আমরা খারাপ টি-টোয়েন্টি দল। আমাদের দারুণ কিছু টি-টোয়েন্টি খেলোয়াড় আছে। তাদের সমর্থন করা হলে ভালো কিছু হবে।  অবশ্যই আমাদের উন্নতি করতে হবে।'

'এরমধ্যে আমরা খুব বেশি ম্যাচ খেলিওনি। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজটা হতাশাজনক ছিল। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে ভাল খেলেছি। এবং আমি আশা করছি এই সিরিজেও আমরা ভাল করব।'