গোলাপি বল টেস্টের আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

প্রথম টেস্টে বেশ বড় ব্যবধানেই হেরেছে শ্রীলঙ্কা। সিরিজ হার ঠেকাতে হলে দ্বিতীয় টেস্টে জিততেই হবে তাদের। কিন্তু এর আগে বড় ধাক্কা খেয়েছে দলটি। ইনজুরিতে পড়ে গোলাপি বলের টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন টপ অর্ডার ব্যাটার পাথুম নিসাঙ্কা। ছিটকে গেছেন পেসার লাহিরু কুমারাও। এছাড়া দলের অন্যতম সেরা পেসার দুশমন্থ চামিরাকেও পাচ্ছে না দলটি।

পিঠের চোটে ভুগছেন নিসাঙ্কা। লাহিরুর সমস্যা হ্যামস্ট্রিংয়ে। অন্যদিকে গোড়ালির চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি চামিরা। সবমিলিয়ে বেঙ্গালুরুর চেন্নাস্বামীতে দিবা-রাতের টেস্ট শুরুর আগে নিঃসন্দেহে বড় ধাক্কা সফরকারীদের জন্য।

ইনিংস ও ২২২ রানে হারা মোহালি টেস্টে দলের সেরা ব্যাটারই ছিলেন নিসাঙ্কা। প্রথম ইনিংসে ৬১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দুই ইনিংসে এটাই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলেছিলেন ৭৫ রানের ইনিংস। তার জায়গায় ফিরতে পারেন কুশল মেন্ডিস। এছাড়া বিবেচনায় আছেন দিনেশ চান্ডিমালও।

মোহালিতে প্রথম ইনিংসে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে লাহিরুর। তখনই মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর ব্যাটিংয়ে নামলেও বোলিং আর করেননি এই পেসার। সেই চোট এখনও ভোগাচ্ছে তাকে। আগামী ম্যাচে তাকে পাচ্ছে না বলেই নিশ্চিত করেছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তার পরিবর্তে জায়গা পেতে পারেন প্রবিন জয়াবিক্রমে।

চামিরাকে নিয়ে অবশ্য কোনো ধরণের ঝুঁকি নিতে নারাজ লঙ্কানরা। চিকিৎসকদের পরামর্শ মেনে কাজের চাপ কমানোর জন্যই তাকে এ টেস্টে খেলানো হচ্ছে না। এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চামিরাকে শুধুমাত্র সাদা বলের ক্রিকেট খেলানোর পরামর্শ দেওয়া হয়েছে। আগামী বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপও রয়েছে।