চান্দিমালের নৈপুণ্যে ম্যাথিউসের ১০০তম টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরির সুবাস জাগিয়ে সাজঘরে ফিরলেন দারুণ ছন্দে থাকা দিনেশ চান্দিমাল। তার মতো হাফসেঞ্চুরির স্বাদ নিলেন ওপেনার ওশাদা ফার্নান্দো। তাদের কল্যাণে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ক্যারিয়ারের শততম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিল শ্রীলঙ্কা।

রোববার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩১৫ রান তুলেছে লঙ্কানরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিক দল। একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম টেস্টে ৪ উইকেটের ঐতিহাসিক রোমাঞ্চকর জয় পেয়েছিল সফরকারী পাকিস্তান।

বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজকে আচমকা উড়িয়ে মারতে গিয়ে আউট হওয়া চান্দিমালের ব্যাট থেকে আসে ৮০ রান। ১৩৭ বলের ইনিংসে তিনি মারেন ৯ চার ও ২ ছক্কা। ম্যাথিউসের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ১৭৭ বলে ৭৫ ও ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ৯১ বলে ৬৩ রান যোগ করেন তিনি। নুমান আলির শিকার হওয়া ম্যাথিউস ১০৬ বলে করেন ৪২ রান। পাকিস্তান নতুন বল নেওয়ার পর ডানহাতি পেসার নাসিম শাহ বোল্ড করেন ধনঞ্জয়াকে। তিনি করেন ৬১ বলে ৩৩ রান।

আক্রমণাত্মক ব্যাটিংয়ের পসরা সাজিয়ে উইকেটরক্ষক-ব্যাটার নিরোশান ডিকভেলা ক্রিজে আছেন ৪৩ বলে ৪২ রানে। তার সঙ্গী অভিষিক্ত বাঁহাতি স্পিনার দুনিথ ভেলালাগের সংগ্রহ ৯ বলে ৬ রান। তিনি অবশ্য ফিরতে পারতেন মুখোমুখি হওয়া প্রথম ডেলিভারিতে। নাসিমের বলে স্লিপে তার ক্যাচ ফেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

উদ্বোধনী জুটিতেই ভালো পুঁজি গড়ার ভিত পেয়ে যায় শ্রীলঙ্কা। ওশাদা ও অধিনায়ক দিমুথ করুনারত্নে ১২৯ বলে ৯২ রান যোগ করেন। তাদেরকে আলাদা করে পাকিস্তানকে প্রথম সাফল্য উপহার দেন নওয়াজ। নুমানের দারুণ ডেলিভারিতে পরাস্ত হয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দি হন ওশাদা। ৭০ বলে তার রান ৫০। টিকতে পারেননি কুশল মেন্ডিস। মধ্যাহ্ন বিরতির ঠিক আগে আগা সালমানের সরাসরি থ্রোতে মাঠ ছাড়তে হয় তাকে। চান্দিমালের মতো উইকেট ছুঁড়ে দেওয়া করুনারত্নে ৯০ বলে ৪০ রান করেন।

শ্রীলঙ্কাকে চা বিরতি পর্যন্ত টেনে নেন ম্যাথিউস ও চান্দিমাল। তবে দিনের শেষ সেশনে ৩ উইকেট হারায় তারা। পাকিস্তানের পক্ষে ৭১ রানে ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল নুমান। এছাড়া, ১ উইকেট করে পান নুমান, নাসিম ও ইয়াসির শাহ।