চাহাল-সুন্দর-রোহিতের নৈপুণ্যে ১০০০তম ওয়ানডেতে ভারতের জয়
ভারতের ওয়ানডে ইতিহাসের ১০০০তম ম্যাচ। দারুণ ও ঐতিহাসিক এক উপলক্ষ। জয় দিয়েই ম্যাচটিকে স্মরণীয় করে রাখল তারা। কিছুটা মন্থর উইকেটে টার্ন আদায় করে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে বেঁধে ফেললেন দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দর। রান তাড়ায় অধিনায়ক রোহিত শর্মার ফিফটির পর ঝটপট ৪ উইকেট পড়লেও সহজ লক্ষ্য ২২ ওভার হাতে রেখে অনায়াসে পেরিয়ে গেল দলটি।
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৩.৫ ওভারে মাত্র ১৭৬ রানে গুটিয়ে যায় সফরকারী ক্যারিবিয়ানরা। জবাবে ২৮ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তুলে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। ফলে অধিনায়কত্বের পাকা দায়িত্ব পাওয়ার পর ওয়ানডেতে রোহিতের যাত্রা শুরু হলো জয় দিয়ে।
উইন্ডিজকে ধসিয়ে দিতে চাহাল ও ওয়াশিংটন দেখান দারুণ পারফরম্যান্স। ৯.৫ ওভার হাত ঘুরিয়ে লেগ স্পিনার চাহাল সর্বোচ্চ ৪ উইকেট নেন ৪৯ রানে। চার বছরের বেশি সময়ের ব্যবধানে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা অফ স্পিনার সুন্দর পান ৩ উইকেট। নিয়ন্ত্রিত বোলিংয়ে তিনি ৯ ওভারে দেন মাত্র ৩৩ রান। হ্যামস্ট্রিং চোটের কারণে ভারতের সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে না পারা রোহিতের ব্যাট থেকে আসে ৫১ বলে ৬০ রান। আগ্রাসী ইনিংসে তিনি মারেন ১০ চার ও ১ ছক্কা।
ওয়ানডেতে প্রথম দল হিসেবে ১০০০ ওয়ানডে খেলার কীর্তি গড়ল ভারত। এটি তাদের ৫১৯তম জয়। তারা হেরেছে ৪৩১ ম্যাচে। নয়টি ম্যাচ হয়েছে টাই। ফল আসেনি ৪১টিতে।
দিবারাত্রির ম্যাচে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই শেই হোপকে হারায় উইন্ডিজ। পেসার মোহাম্মদ সিরাজের বল উইকেটে টেনে বোল্ড হন তিনি। এই ধাক্কার পর আরেক ওপেনার ব্র্যান্ডন কিং ও ড্যারেন ব্রাভো চালান প্রতিরোধ গড়ার চেষ্টা। তবে বেশিদূর এগোতে পারেননি। দ্বাদশ ওভারে জোড়া শিকার ধরেন সুন্দর। শর্ট মিড উইকেটে কিং ক্যাচ দেন সুরিয়াকুমার যাদবের হাতে, ব্রাভো হন এলবিডব্লিউ।
চতুর্থ উইকেট জুটিতে শামার ব্রুকস ও নিকোলাস পুরান ফের পাল্টা লড়াইয়ের আভাস দেন। কিন্তু তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেন চাহাল। পুরানকে বিদায় করার পরের ডেলিভারিতে ক্যারবিয়ান দলনেতা কাইরন পোলার্ডকে বোল্ড করে দেন তিনি। চাহালের পরের ওভারে ব্রুকস হন উইকেটরক্ষক রিশভ পান্তের গ্লাভসবন্দি।
প্রসিধ কৃষ্ণা আকিল হোসেনকে ফিরিয়ে দিলে ৭৯ রানে ৭ উইকেট হারায় উইন্ডিজ। তাতে একশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল তারা। তবে অষ্টম উইকেটে ফাবিয়ান অ্যালেনকে নিয়ে জেসন হোল্ডার গড়েন ৯১ বলে ৭৮ রানের জুটি। তাতে দেড়শ পেয় তাদের সংগ্রহ। সুন্দর এই জুটি ভাঙার পর তড়িঘড়ি করে অলআউট হয় ক্যারিবিয়ানরা। ৪ ছক্কায় হোল্ডার দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ৭১ বলে। অ্যালেনের ব্যাট থেকে আসে ৪৩ বলে ২৯ রান।
উদ্বোধনী জুটিতে ভারতকে জয়ের ভিত গড়ে দেন রোহিত ও ইশান কিষান। ১৩.১ ওভারে তারা যোগ করেন ৮৪ রান। জুটিতে রোহিতের ভূমিকা ছিল অগ্রগণ্য। তিনি এলবিডব্লিউ হওয়ার পর বিরাট কোহলিও টিকতে পারেননি। ৫ বলের মধ্যে তাদেরকে সাজঘরে পাঠান পেসার আলজারি জোসেফ। ২ চারে ৪ বলে ৮ করে নিয়ন্ত্রণহীন শটে লং লেগে কেমার রোচের হাতে ক্যাচ দেন কোহলি।
আরেক ওপেনার কিষানকে আউট করেন বাঁহাতি স্পিনার আকিল। তিনি করেন ৩৬ বলে ২৮ রান। দুর্ভাগ্যজনকভাবে রানআউট হন নন-স্ট্রাইকে থাকা পান্ত। সুরিয়াকুমারের স্ট্রেইট ড্রাইভ ফলো থ্রুতে থাকা জোসেফের বুটে লেগে ভেঙে যায় স্টাম্প।
ভারত ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলায় অল্প রানের ম্যাচে রোমাঞ্চের ইঙ্গিত মিলেছিল। তবে তা স্থায়ী হয়নি। পঞ্চম উইকেটে ৬৩ বলে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটিতে খেলা শেষ করে দেয় দলটি। সুরিয়াকুমার অপরাজিত থাকেন ৩৬ বলে ৩৪ রানে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের স্বাদ পাওয়া দীপক হুডার ব্যাট থেকে আসে ৩২ বলে অপরাজিত ২৬ রান।
আগামী বুধবার একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।