চেন্নাইকে হারিয়ে কলকাতার প্রতিশোধ
১৬১ দিন পর ফের মাঠে ফিরলেন এমএস ধোনি। নেমেই করলেন দারুণ এক ফিফটি। কিন্তু সতীর্থদের ব্যর্থতায় বড় পুঁজি মিলেনি দলটির। এরপর বোলাররাও করলেন সাদামাটা বোলিং। তাতে আইপিএলে এবারের আসরের শুরুটা ভালো হলো না বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। তাদের হারিয়ে গত আসরের ফাইনালে হারের প্রতিশোধ নিয়ে শুরু করে কলকাতা নাইট রাইডার্স।
শনিবার মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩১ রান করে চেন্নাই। জবাবে ৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় কলকাতা।
লক্ষ্যটা বড় না থাকায় শুরুটা দেখে শুনেই করেন চেন্নাইয়ের দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও ভেংকাটেশ আইয়ার। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৩ রান তোলে দলটি। পাওয়ার প্লে শেষ হতে ভেংকাটেশ আইয়ারকে ফিরিয়ে এ জুটি ভাঙেন ডোয়াইন ব্রাভো। এরপর আরেক ওপেনার রাহানের সঙ্গে ৩৩ রানে জুটি গড়েন বিদায় নেন নিতিশ রানা। তাকেও ফেরান ব্রাভো।
এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি রাহানেও। তাকে বিদায় করেন মিচেল স্যান্টনার। পরে স্যাম বিলিংসকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ৩৬ রানের জুটি গড়েন তারা। জয় থেকে ৮ রান দূরে থাকতে ফের বল হাতে নিয়ে বিলিংসকে ফেরান সেই ব্রাভোই। এরপর বাকি কাজটা শেল্ডন জ্যাকসনকে নিয়ে শেষ করেন অধিনায়ক।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন রাহানে। ৩৪ বলে ৬টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। বিলিংসের ব্যাট থেকে আসে ২৫ রান। রানা করেন ২১ রান। এছাড়া ২০ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার। সিএসকের পক্ষে ২০ রানের খরচায় ৩টি উইকেট নেন ব্রাভো।
এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় কলকাতা। কেকেআরের হয়ে বল হাতে গোড়াপত্তন করতে আসেন উমেশ যাদব। আর শুরুটা করেন নো-বল দিয়ে। তারপরও নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজার নেতৃত্বে আসর শুরু করা চেন্নাইর শুরুটা ভালো হয়নি। রুতুরাজ গায়কোয়াড় ফেরেন খালি হাতে। ডেভন কনওয়ের ব্যাট থেকে আসে ৩ রান। রবিন উথাপ্পা অবশ্য ২৮ রান করেছিলেন। তবে ইনিংস লম্বা করতে পারেননি। আম্বাতি রাইডু (১৫) ও শিভাম দুবেও ব্যর্থ (৩)।
চেন্নাইর হাল ধরেন সেই পুরনো সেনানীরা। সাবেক অধিনায়ক এমএস ধোনিকে নিয়ে এগিয়ে যায় জাদেজা। অধিনায়ক দেখে খেললেও নিয়মিত বাউন্ডারি মেরে রানের গতিটা সচল রাখার চেষ্টা করেন ধোনি। গড়েন অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি। তাই লড়াইয়ের পুঁজি মিলে দলটির। অথচ ১৭ ওভার শেষে সিএসকের স্কোর ছিল পাঁচ উইকেটে ৮৪ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ধোনি। ৩৮ বলে ৭টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ২৮ বলে ১টি ছক্কায় ২৬ রান করে অপরাজিত থাকেন জাদেজা। কলকাতার পক্ষে ২০ রানের খরচায় ২টি উইকেট নেন উমেশ যাদব।