চোখ ধাঁধানো টাকার অঙ্কে আইপিএলে নতুন দুই ফ্রেঞ্চাইজি

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের আগামী আসর থেকে নতুন দুই ফ্রেঞ্চাইজি যুক্ত করার প্রক্রিয়া অনেকটা সম্পন্নই ছিল, বাকি ছিল নিলাম। সোমবার সেটিও করা হলো। তাতে চোখ ধাঁধানো টাকার অঙ্কে আইপিএলে যুক্ত হয়েছে লখনৌ ও আহমেদাবাদের ফ্রেঞ্চাইজি।

সোমবার নিলামে ৭ হাজার কোটি রুপিতে লখনৌর ফ্রেঞ্চাইজি কিনে নিয়েছে আরপিএসজি গ্রুপ।  এর আগে পুনে রাইজিং সুপার জায়ান্টের মালিকানা ছিল তাদের।

৫ হাজার কোটি রূপিতে আহমেদাবাদের ফ্রেঞ্চাইজি কিনে নিয়েছে সিভিসি ক্যাপিটালস। এই দুই ফ্রেঞ্চাইজি থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড পাচ্ছে ১২ হাজার ২০০ কোটি টাকা।

বিসিসিআই আগেই জানিয়েছিল, ২০২২ সালের আইপিএলে খেলবে ১০ দল। কৌতূহল ছিল যুক্ত হচ্ছে কারা। সেটাই মিটে গেল। নতুন দুই দল যুক্ত হওয়ায় খেলোয়াড় সংখ্যা ও টুর্নামেন্টের পরিধিও বাড়ছে। 

নিলামের পর আরপিএসজি গ্রুপের সঞ্জিব গোয়েনকা গণমাধ্যমে বলেন,  'নিলামে অনেক পরিকল্পনা ও হিসেব নিকেশ ছিল। আমি আমাদের গ্রুপের সবাইকে কৃতিত্ব দেই।'

সংযুক্ত আরব আমিরাতের তাজ দুবাই হোটেলে সোমবার ১০টি বাণিজ্যিক গ্রুপ অংশ নেয় এই নিলামে। ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, আদানি গ্রুপও ছিল নিলামে। তাদের হারিয়ে দল পেয়ে যায় আরপিএসজি গ্রুপ ও সিভিসি ক্যাপিটাল।

নিলামে আহমেদাবাদ, লখনৌ, কটক, ধর্মশালা ও গৌহাটি এই ছয়টি অঞ্চল থেকে ফ্রেঞ্চাইজির নাম বেছে নেওয়ার জন্য দেওয়া হয়। তাতে আরপিএসজি বেছে নেয় উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনৌকে। গুজরাটের রাজধানী আহমেদাবাদকে বেছে নেয় সিভিসি ক্যাপিটাল।