চোটে পড়া ক্রিকেটারদের জায়গাতেই কেবল আসবে বদল, জানালেন আকরাম

ক্রীড়া প্রতিবেদক

সিরিজ খেলতে বাংলাদেশে চলে এসেছে পাকিস্তান দল। কিন্তু এখনো সিরিজের জন্য দল ঘোষণা করেনি বাংলাদেশ। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আরেটকু আলাপ-আলোচনা করে ১৬ তারিখের মধ্যে দল ঘোষণা করে দেবেন তারা।

দল ঘোষণা না হলেও কয়েকজন ক্রিকেটারকে নিয়ে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কয়েকদিন ধরেই চলছে অনুশীলন। শনিবার দলের অনুশীলনে যোগ দেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফের সদস্যরা।

ব্যক্তিগত কাজে ছুটিতে থাকা আকরামও এদিন আসেন বোর্ডে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, দুই নির্বাচক ও কোচকে নিয়ে সভাও করেছেন তিনি।

সভা থেকে বেরিয়ে জানিয়েছেন, শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য তাদের প্রস্তুতির হালচাল, 'অনেক দিন পর বোর্ডে এসেছি। বিশ্বকাপের জন্য দেশের বাইরে ছিলাম। আজ অনুশীলন শুরু হলো। আমরা, কোচ, নির্বাচক, কিছু খেলোয়াড় , পরিচালক…সবার সঙ্গে আলাপ আলোচনা করেছি। পাকিস্তান দল এসেছে। শেষ যে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপটা হলো সেখানে পাকিস্তান খুবই ভালো খেলেছে। আমাদের জন্য কঠিন টুর্নামেন্ট হবে তা বলার অপেক্ষা রাখে না।'

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে একটাও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তবে দলের এই বাজে ফর্ম সাময়িক বলে মনে করেন আকরাম  'আমাদের ফর্মটা ওরকম ভালো না। ফর্ম চলে আসবে। এটা এক সময় উপরে থাকে এক সময় নিচে থাকে। আমরা কাজগুলো করতে পারি, পারফরম্যান্সগুলো ভালো করে করতে পারি, বাংলাদেশের জনগনের প্রত্যাশা যেন মেটাতে পারি সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়ের পর দলে একাধিক অদল-বদলের আভাস মিলছিল। তবে আকরাম জানালেন চোটে পড়া সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গাতেই আসবে বদল,  'খেলোয়াড়রা যে খারাপ খেলেছে, শুধু সেটা কাউন্ট করলেই তো হবে না। পুরো দল যদি পরিবর্তন করলেই ফল আসবে এমন ধারণা ভুল। হ্যাঁ কিছু খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশা ভালো ছিল। আশা ছিল। ওরকম করতে পারেনি। আমরা ১৬ তারিখ দল দেব। কিছু খেলোয়াড় ইনজুরিতে আছে। সেখানে নতুন খেলোয়াড় দেখতে পারবেন। ২-১ জন পরিবর্তন হতে পারে।'

১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর হবে বাকি দুটি ম্যাচ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর মিরপুরে ফিরে হবে দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আপাতত টি-টোয়েন্টি সিরিজেরই দল দেবে বিসিবি।