জন্মভূমিতে ফিরে খাওয়াজার সেঞ্চুরি, স্মিথের আক্ষেপ
৩৫ বছর আগে পাকিস্তানের ইসলামাবাদে জন্মেছিলেন উসমান খাওয়াজা। শৈশবে পরিবারসহ পাড়ি থিতু হন অস্ট্রেলিয়ায়। এবার অস্ট্রেলিয়ার হয়ে পাকিস্তান সফরে যাওয়া তার কাছে নিশ্চিতভাবে বিশেষ কিছু। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও করাচিতে তিনি তুলে নিলেন দারুণ শতক। তবে আরও একবার সেঞ্চুরির হাতছানি দিয়ে আক্ষেপে পুড়লেন স্টিভেন স্মিথ।
প্রাণহীন উইকেটে প্রথম টেস্টে ড্র হওয়ার পর করাচিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা দারুণ কেটেছে অস্ট্রেলিয়ার। খাওয়াজার সেঞ্চুরিতে পুরোদিন ব্যাট করে ৩ উইকেটে ২৫১ রান তুলেছে তারা।
দুর্দান্ত ছন্দে থাকা খাওয়াজা তার একাদশ শতক তুলে অপরাজিত আছেন ১২৭ রানে। তৃতীয় উইকেটে তার সঙ্গে ১৫৯ রানের জুটির পর ৭২ রান করে আউট হয়ে ফিরেছেন স্মিথ।
টস জিতে ব্যাট করতে গিয়ে দারুণ শুরু পাওয়ে দেন খাওয়াজা-ডেভিড ওয়ার্নার। এই দুই ওপেনারকে আলগা করতে ১৮ ওভার লেগে যায় পাকিস্তানের। থিতু হওয়া ওয়ার্নার ফাহিম আশরাফের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। ৪৮ বলে ৩ চার, ২ ছক্কায় তিনি থামেন ৩৬ করে।
এরপর মারনাশ লাবুশানে ক্রিজে এসে দ্রুত রান আউট হলে ধাক্কা খেয়েছিল অজিরা। কিন্তু তা একদম টের পেতে দেননি খাওয়াজা-স্মিথ। ম্যারাথন জুটিতে দিনভর হতাশ করতে থাকেন শাহীন আফ্রিদি, হাসান আলিদের।
এই সিরিজ শুরুর আগে রাওয়ালপিন্ডিতে ছোটবেলার এক ছবি পোষ্ট করেছিলেন। সেই রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরি দিয়ে মাত করার সুযোগ এসেছিল। কিন্তু সেই টেস্টে ৯৭ করে আউট হয়ে যাওয়ায় পুড়তে হয় চরম হতাশায়।
এবার আর ভুল করেননি খাওয়াজা। ঠাণ্ডা মাথায় এই ওপেনার পৌঁছান তিন অঙ্কের দুয়ারে। সেঞ্চুরি পেরিয়েও তার ব্যাট চওড়া। তবে এবারও সেঞ্চুরি হাতছাড়া করেছেন স্মিথ। আগের টেস্টে ৭৮ রানে ফিরেছিলেন। এবার ৭২ করে হাসানের শিকার হন তিনি।