জাকিরের সেঞ্চুরিতে জিতল টাইগার্স
বয়সভিত্তিক দল থেকেই নজরে জাকির হাসান। কিন্তু মাঝে নিজেকে হারিয়ে যেন খুঁজছিলেন। তবে গত বছর থেকেই চেনা ছন্দে ফিরেছেন এ তরুণ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার নিজের প্রথম লিস্ট 'এ' সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। আগের ম্যাচেও পেয়েছেন হাফসেঞ্চুরি। এবার ফের তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন তিনি। আর তার সেঞ্চুরিতে সহজই জয়ই পেয়েছে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ খেলতে আসা রূপগঞ্জ টাইগার্স।
শুক্রবার সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে আরেক নবাগত সিটি ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬১ রান করে সিটি ক্লাব। জবাবে ৫২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় টাইগার্সরা।
মিজানুর রহমানকে নিয়ে লক্ষ্য তাড়ায় নেমে ৫৬ রানের ওপেনিং জুটি উপহার দেন জাকির। তবে টাইগার্সরা জয়ের ভিত পেয়ে যায় দ্বিতীয় উইকেট জুটিতে। অপরাজিথ বাবার সঙ্গে ১৫২ রানের জুটি উপহার দেন জাকির। এরপর জাকির আউট হলেও বাকি কাজ সাড়তে খুব একটা বেগ পেতে হয়নি তাদের।
দলের পক্ষে সর্বোচ্চ ১২৪ রানের ইনিংস খেলেন জাকির। ৯৯ বলের ইনিংসটি সাজান ১৫টি চার ও ৩টি ছক্কায়। ৬৯ রান আসে বাবার ব্যাট থেকে। ৭৫ বলে ৫টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ফজলে মাহমুদ রাব্বি ২৯ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা সিটি ক্লাবের শুরুটা ভালো ছিল না। তবে তিন নম্বরে ব্যাট করতে নামা জাকিরুল আহমেদ জেমের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় দলটি। এক প্রান্তে আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। চতুর্থ উইকেটে আশিক উল আলমের সঙ্গে গড়েন ১০৮ রানের জুটি। কিন্তু এ জুটি ভাঙতেই নিয়মিত বিরতিতে উইকেট হারালে স্লগ ওভারের সদ্ব্যবহার করতে পারেনি তারা।
১১৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ১১৪ রানের ইনিংস খেলেন জাকিরুল। ১৫টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৬২ বলে ৩টি চারের সাহায্যে আশিকের ব্যাট থেকে আসে ৪৯ রান। রূপগঞ্জের পক্ষে ২টি করে উইকেট পেয়েছেন শফিকুল ইসলাম, শরিফুল্লাহ ও আরিফুল হক।