জাদেজার সেঞ্চুরিতে ভারতের বিশাল পুঁজির পর চাপে শ্রীলঙ্কা
আগের ৫৭ টেস্টের ৮৪ ইনিংসে সেঞ্চুরি ছিল কেবল একটি। সেই শুভক্ষণ এসেছিল প্রায় সাড়ে তিন বছর আগে। এরপর আবার অপেক্ষার প্রহর গুণতে হচ্ছিল রবীন্দ্র জাদেজাকে। অবশেষ শেষ হলো তার প্রতীক্ষা। টেস্ট ক্যরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নিয়ে সেটাকে তিনি রূপ দিলেন ক্যারিয়ারসেরা ইনিংসে। তার কাঁধে চড়ে প্রথম ইনিংসে বিশাল পুঁজি পেল ভারত। শেষ সেশনে জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ল শ্রীলঙ্কা।
শনিবার মোহালি টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারত ৮ উইকেটে ৫৭৪ রান তুলে ইনিংস ঘোষণার পর শ্রীলঙ্কা ৪ উইকেট করেছে ১০৮ রান। ক্রিজে আছেন পাথুম নিসাঙ্কা ২৬ ও চারিথ আসালাঙ্কা ১ রানে। হাতে ৬ উইকেট নিয়ে প্রথম ইনিংসে তারা পিছিয়ে আছে ৪৬৬ রানে।
২২৮ বলে ১৭৫ রানে অপরাজিত থাকেন তারকা অলরাউন্ডার জাদেজা। তার ব্যাট থেকে আসে ১৭ চার ও ৩ ছক্কা। আগের দিনের ৪৫ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। ৮৭ বলে হাফসেঞ্চুরি ছোঁয়ার পর তিনি সেঞ্চুরিতে পৌঁছান ১৬০ বলে। এরপর মারমুখী হয়ে ওঠেন এই বাঁহাতি ব্যাটার। তিনি দেড়শ স্পর্শ করেন ২১১ বলে।
জাদেজাকে যোগ্য সঙ্গ দেন রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ শামি। সুরঙ্গা লাকমলের বলে ক্যাচ তুলে অশ্বিন আউট হন ৮২ বলে ৬১ করে। শামি অপরাজিত থাকেন ৩৪ বলে ২০ রানে। মাঝে জয়ন্ত যাদব দ্রুত ফেরেন বিশ্ব ফার্নান্দোর শিকার হয়ে।
প্রথম দিনের ৬ উইকেটে ৩৫৭ রান নিয়ে খেলতে নামে ভারত। জাদেজা ও অশ্বিনের ব্যাটে রানের চাকা থাকে সচল। চারশ ছুঁয়ে তারা দলকে নিতে থাকেন পাঁচশর দিকে। মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ আগে ভাঙে তাদের ১৭৪ বলে ১৩০ রানের সপ্তম উইকেট জুটি। ফের খেলা শুরু হলে দ্বিতীয় ওভারে স্লিপে ধরা পড়েন জয়ন্ত। এরপর আর কোনো সাফল্য পায়নি লঙ্কানরা। জাদেজা ও শামির ৯৪ বলে ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটির পর ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
চা বিরতির পর ব্যাটিংয়ে নেমে দেখেশুনে শুরু করেন সফরকারীদের দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। ব্যাট হাতে রান পাওয়া অফ স্পিনার অশ্বিন আলাদা করেন দুজনকে। এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নষ্ট করে সাজঘরে ফেরেন থিরিমান্নে। তিনি করেন ৬০ বলে ১৭ রান। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টেকেননি অধিনায়ক করুনারত্নে। তার ৭১ বলে ২৮ রানের ইনিংসের ইতি টানেন জাদেজা।
দিনের শেষ ঘণ্টায় আরও ২ উইকেট আদায় করে চালকের আসনে বসে পড়ে ভারত। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরান পেসার জাসপ্রিত বুমরাহ। তার সংগ্রহ ৩৯ বলে ২২ রান। ধনঞ্জয়া ডি সিলভাকে টিকতে দেননি অশ্বিন। ৮ বলে ১ করে মাঠ ছাড়েন তিনি। শেষ কয়েকটি ওভার নিসাঙ্কা ও আসালাঙ্কা কাটিয়ে দিলেও লঙ্কানদের সামনে রয়েছে ফলো-অন এড়ানোর কঠিন চ্যালেঞ্জ।