জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল বাংলাদেশের মেয়েরা
প্রথম দুই ম্যাচেই উড়ন্ত জয়ে সিরিজ নিশ্চিত করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচটা ছিল নিছক নিয়ম রক্ষার। তবে বাংলাদেশের সামনে ছিল হোয়াটওয়াশ করার সুযোগ। সে সুযোগ দারুণভাবেই কাজে লাগিয়েছেন নিগার সুলতানারা। বড় জয় তুলেই সিরিজ শেষ করল দলটি।
মঙ্গলবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে ২৭.২ ওভারে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে ১৯০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
অথচ সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় প্রথম সারীর বেশ কিছু খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ। সালমা খাতুল, জাহানারা আলম, রিতু মনি, শারমিন আক্তারদের বিশ্রামে রেখে একাদশ সাজায় সফরকারীরা। তবে এ ম্যাচে ফেরেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা।
এদিন টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। কিন্তু স্বাগতিকদের একমাত্র শার্নি মেয়ার্স ছাড়া কোনো ব্যাটারই পারলেন না দায়িত্ব নিতে। এমনকি আর কেউ পারল না দুই অঙ্ক স্পর্শ করতেও। তাতে লড়াইয়ের পুঁজিও মিলেনি দলটির। ৬১ বলে ৪টি চারের সাহায্যে ৩৯ রান করেন মেয়ার্স।
মূলত নাহিদা আক্তারের ঘূর্ণিজালে পড়ে জিম্বাবুয়ে। একাই জিম্বাবুয়ের মিডল অর্ডার ধসিয়ে দেন। ১০ ওভার বল করে ২১ রান খরচ করে তুলে নেন ৫ উইকেট। তাকে দারুণ সহায়তা করেন অভিষিক্ত ফারিহা তৃষ্ণা ও রোমানা আহমেদ। দুইজনই দুটি করে উইকেট পান।
লক্ষ্য তাড়ায় মুর্শিদা খাতুনের ব্যাটে জয় তুলে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। এক প্রান্তে তিন উইকেট পড়লেও অপর প্রান্তে ধরে রেখে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন মুর্শিদা। খেলেন ৩৯ রানের হার না মানা এক ইনিংস। ৪৮ বলে ৫টি চারের সাহায্যে এ রান করেন তিনি।