জিম্বাবুয়ে থেকে খেলে আসায় দেশের কন্ডিশন কঠিন লাগছিল ক্রিকেটারদের!

ক্রীড়া প্রতিবেদক

সারাবছর জুড়ে যে আঙিয়ান খেলেন মাসখানেকের বিদেশে সফরে নাকি সেই কন্ডিশনই অচেনা হয়ে যায়! তাইজুল ইসলামের কথা মানতে গেলে এরকমটাই দাঁড়ায়। জিম্বাবুয়েতে তিন ফরম্যাটের সিরিজ খেলে দেশে আসার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নাকি মানিয়ে নেওয়া কঠিন ছিল বাংলাদেশের!

জিম্বাবুয়ের কন্ডিশন অবশ্যই বাংলাদেশের থেকে বেশ আলাদা। উইকেট একেবারেই ভিন্ন। প্রতিপক্ষ সহজ হলেও এসব প্রতিকূলতা সামলাতে হয়েছে বাংলাদেশকে।

শনিবার দলের অনুশীলন সেরে বাঁহাতি স্পিনার তাইজুলের বলেন, ওই কন্ডিশনে খেলে আসায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মানিয়ে নেওয়া কঠিন ছিল তাদের নিজেদেরও,  'জিম্বাবুয়ের কন্ডিশন আমাদের জন্য অত সহজ ছিল না। তারপরও সেখানে গিয়ে আমরা কিছুদিন অনুশীলন করার পর ব্যাটসম্যান আর বোলারদের পারফম্যান্স ভালো হয়েছে, যে কারণে ম্যাচগুলো জেতা সহজ হয়েছে। আমাদের ব্যাটসম্যান, বোলার সবাই ভালো করেছে। ওই আত্মবিশ্বাস থাকার পরও দেশে এসে আলাদা কন্ডিশন পাওয়ায় আমাদের কাজটা কঠিন ছিল, অস্ট্রেলিয়ার জন্যও কঠিন ছিল।'

'তারপরও আমাদের ব্যাটসম্যান-বোলাররা সবকিছু ঠিকঠাক করতে পেরেছে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা সিরিজটা জিততে পেরেছি। নিউজিল্যান্ডের আমরা দুই ম্যাচ জিতলাম। দলের আত্মবিশ্বাস এখন বেশ ভালো এবং এই আত্মবিশ্বাস নিয়েই আমরা সামনে এগুতে চাইছি।'

জিম্বাবুয়েতে তিন ফরম্যাটে সিরিজ জিতে আসার পর ঘরের মাঠে খর্ব শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে অতি মন্থর ও টার্নিং উইকেটে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। সহায়ক কন্ডিশন থাকায় বোলাররা ফায়দা তুলেন শতভাগ। কিন্তু ব্যাটসম্যানরা ভুগেছেন বিস্তর। পাঁচ ম্যাচের সিরিজে এসেছে কেবল এক ফিফটি।

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও সহজ চ্যালেঞ্জ পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ স্কোয়াডের একজন সদস্যকেও না পাঠানোয় নিউজিল্যান্ড একদম অনভিজ্ঞতায় ভরপুর। প্রথম ম্যাচে তাদের বড় ব্যবধানে হারালেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে পড়তে হয় কঠিন লড়াইয়ের।

সব সামলে বাংলাদেশ জেতার ধারায় থাকার পেছনে দল হিসেবে খেলাকে বড় কারণ মনে করেন তাইজুল,  'আমার মনে হয় আমাদের সফল হওয়ার কারণ আমাদের ব্যাটসম্যান বলেন কিংবা বোলার আর ফিল্ডার, যখন মাঠে নামে তখন সবার মধ্যে আত্মবিশ্বাস থাকে। সবাই টিমম্যান হিসেবে খেলছে। আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এটা।  সবাই নিজের দায়িত্বটা নিজের মতো করে পালন করছে।'