জিম্বাবুয়ে দলে কারা আছেন, খেলার আগের দিনও জানতে পারেনি বাংলাদেশ!

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ওয়ানডে শুরুর আর ২৪ ঘণ্টাও বাকি নেই, কিন্তু এখনো ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেনি জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে প্রতিপক্ষ দলে কারা খেলবেন তা নিয়ে ধোঁয়াশায় বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জানালেন, বিষয়টা খুবই বিস্ময়কর লাগছে তার কাছে।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে। আগের দিন পৌনে চারটায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম জানালেন প্রতিপক্ষ দল নিয়ে এখনো তারা অন্ধকার।

বিকেল সাড়ে চারটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গণমাধ্যমের কাছে জিম্বাবুয়ের কোন স্কোয়াডের ঘোষণা আসেনি। 

জিম্বাবুয়ের এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, স্বাগতিকদের নতুন খেলোয়াড়দের নিয়ে তারা একটু ভাবিত কিনা। বাংলাদেশ অধিনায়ক জানলেন এই উত্তর দেওয়ার অবস্থাই তো তাদের নেই,  ‘আমরা কাদের বিপক্ষে কাল খেলব তা তো জানিই না। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না। কারণ আমি তো জানিই না কাদের বিপক্ষে খেলব। প্রথম বল হওয়ার ২৪ ঘণ্টাও নাই এখনো আমরা দলই জানতে পারিনি।’

সাধারণত ম্যাচের আগের দিন প্রতিপক্ষের স্কোয়াড বিবেচনা করে ম্যাচের একাদশ সাজায় দলগুলো। তামিম জানালেন বাংলাদেশ এবার সেদিক থেকে পড়েছে ভিন্ন রকম পরিস্থিতিতে,  ‘আমার কাছে একটু ভিন্নরকম  লাগছে। কারণ ২৪ ঘণ্টাও বাকি নেই খেলার। সাধারণত এই সময়ে টিম মিটিং করা হয়। যদি দলই না জানেন কাকে নিয়ে আপনি দল করবেন আমি তা-ই বুঝতে পারছি না। এটা বেশ বিস্ময়কর লাগছে।’

জিম্বাবুয়ের ওয়ানডে দলে দুজন খেলোয়াড়কে নিয়েই আসলে কৌতূহলটা বেশি। করোনা আক্রান্ত পারিবারের সদস্যের সংস্পর্শে থাকায় টেস্ট ম্যাচে শেষ মুহূর্তে খেলতে পারেননি শেন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। দুজনেই তখন থেকে ছিলেন আইসোলেশনে।

ওয়ানডেতে তারা খেলবেন কীনা, এটাও জানা গেল না। তামিম জানালেন, আগের দিন পর্যন্ত টিম হোটেলে দেখা যায়নি তাদের,  ‘তাদের খেলার অংশগ্রহণ নিয়ে আসলে আমার কিছু বলার নেই। আমি যতটুকু জানি যেকোনো খেলোয়াড়কে খেলতে হলে আমরা যে হোটেলে আছি সেখানে ১০ দিন কোয়ারেন্টিন করতে হয়। আমি এখনো পর্যন্ত তাদের দেখিনি। এটা আসলে আমাদের দিক থেকে কোভিড প্রোটোকল যারা মেন্টেন করে তারা ভাল বলতে পারবে।’