শততম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। নিজেদেশের শততম টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে একাদশে রেখেছে বেশ কয়েকজন অলরাউন্ডারকে। ওয়ানডের পর টি-টোয়েন্টি একাদশেও ঠাঁই পেয়েছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
টস হারলেও বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানান, রান তাড়া করার ইচ্ছা ছিল তারও। টস জিতে সিকান্দার রাজা জানান, প্রতিপক্ষকে ভালো লক্ষ্য দিয়ে চাপে ফেলার পরিকল্পনা তাদের।
এটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের শততম ম্যাচ। ২০০৬ সালে প্রথম টি-টোয়েন্টিরও প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।
গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসান ফেরায় অনুমিতভাবে সর্বশেষ টি-টোয়েন্টি একাদশ থেকে জায়গা হারিয়েছেন নাসুম আহমেদ। শেষ ওয়ানডেতে নৈপুণ্য দেখিয়ে টি-টোয়েন্টি একাদশেও জায়গা হয়েছে নুরুল হাসানের। সাকিবের সঙ্গে অলরাউন্ডার হিসেবে দলে আছেন শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন। অধিনায়ক মাহমুদউল্লাহ তো আছেনই। কাজেই বেশ কয়েকটি বোলিং অপশন হাতে আছে বাংলাদেশের।
জিম্বাবুয়ে একাদশে নেই ব্র্যান্ডন টেইলর। টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া এই অভিজ্ঞ ব্যাটসম্যান নেই টি-টোয়েন্টি সিরিজেই। টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাঈম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকভা, টাডিওয়ানশে মারুয়ামি, টেরাসাই মুসাকান্দা, ডিওন মেয়ার্স, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক) রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জঙ্গুই, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা