টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মোস্তাফিজ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। গোড়ালির চোটের কারণে এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না দলের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমানকে।
প্রথম ঘন্টায় পেসারদের কিছুটা সুবিধা পাওয়া যাবে এই বিবেচনায় আগে বোলিং বেছে নেওয়ার কথা জানান জিম্বাবুয়ে অধিনায়ক ব্র্যান্ডন টেইলর। টস জিতলে আগে বোলিং বেছে নিতেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালও।
পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ থেকে আগেই ছিটকে পড়েছিলেন মুশফিকুর রহিম। তার জায়গায় বদল নিশ্চিতই ছিল। তার জায়গায় চারে ব্যাট করবেন মোহাম্মদ মিঠুন। প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ায় মোস্তাফিজকে নিয়েও শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত খেলার মতো অবস্থায় না থাকায় তার জায়গায় একাদশে এসেছেন শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে খেলেছিলেন নাঈম শেখ। কিন্তু এই ম্যাচে তিনি বাদ পড়েছেন। তামিমের সঙ্গে ইনিংস ওপেন করবেন লিটন দাসই।
জিম্বাবুয়ে দলের হয়ে অভিষেক হচ্ছে তাডিয়ানশে মারুমানি আর ডিওন মেয়ার্সের। লম্বা সময়ের বিরতির পর দলে ফিরলেও একাদশে জায়গা হয়নি সিকান্দার রাজার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধভেরে, তাডিয়ানশে মারুমানি, ব্র্যান্ডন টেইলর, ডিওন মেয়ার্স, টিমাইসেন মারুমা, রেজিস চাকাভা, রায়ান বার্ল, লুক জঙ্গুই, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।