টাইগারদের নিউজিল্যান্ড সফর ডমিঙ্গোর জন্য 'শিক্ষা সফর'
'এ হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।' বাংলাদেশ দলের প্রতিটি ব্যর্থ মিশন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বলে থাকেন টাইগাররা। কিন্তু এগিয়ে যাওয়া আর হয় না। কার্যত ২০ বছর আগের অবস্থানেই আছে বাংলাদেশ দল। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। যে কারণে অ্যাওয়ে ম্যাচগুলোকে 'শিক্ষা সফর' উল্লেখ করে সামাজিকমাধ্যমে ব্যাপক ট্রল করে থাকেন ভক্ত-সমর্থকরা।
তবে এবারের নিউজিল্যান্ড সফর কোচ রাসেল ডমিঙ্গোর জন্যও 'শিক্ষা সফর'। সংবাদ সম্মেলনে এমনটা নিজেই বলেছেন এ প্রোটিয়া কোচ।
মাউন্ট মঙ্গানুইতে আগামীকাল ভোরে প্রথম টেস্টে মাঠে নামার আগে শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন কোচ ডমিঙ্গো। সেখানেই তিনি বলেন, 'তরুণ ছেলেদের কয়েকজন কোন অবস্থানে আছে এবং কোথায় উন্নতি দরকার, সেটি জানার জন্য কোচিং স্টাফ হিসেবে আমাদেরও জন্যও দারুণ শিক্ষা এটি।'
২০১৯ বিশ্বকাপের ব্যর্থতার পর সাবেক কোচ স্টিভ রোডসের স্থলাভিষিক্ত হয়েছিলেন ডমিঙ্গো। তবে এখনও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তিনিও। সাফল্য কেবল দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে। এরমধ্যেই সামনে বেশ বড় পরীক্ষা। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে খেলতে হবে টাইগারদের। যেখানে বাংলাদেশের সাফল্য স্রেফ শূন্য। তবে প্রতিকূল পরিবেশে নিজেও কিছু শিখে নিতে চান এ কোচ।
মূলত নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের খেলোয়াড়রা কেমন করেন সেটাই দেখে নিতে চান এ প্রোটিয়া কোচ, 'কয়েকজন ক্রিকেটারের জন্য ব্যাপারটি হলো, নিউজিল্যান্ডের বাড়তি বাউন্সে খেলার অভিজ্ঞতা নেওয়া, যেটায় তারা এমনিতে অভ্যস্ত নয়। আমাদের টপ অর্ডারে ২-৩ জন ক্রিকেটার আগে নিউজিল্যান্ডে খেলেনি। দিন দশেকের অনুশীলন ও দুই দিনের প্রস্তুতি ম্যাচ থেকে তাই অনেক লাভবান হয়েছি আমরা বাউন্সে অভ্যস্ত হতে। এবং কন্ডিশন এখানে দ্রুত বদলায়, সেটিতে অভ্যস্ত হওয়ার ব্যাপারও আছে।'
এর আগে নিউজিল্যান্ডের সব সফরেই খালি হাতে ফিরতে হয়েছে বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচের সবগুলোতেই হার। তার উপর সাম্প্রতিক সময়ে বেশ বাজে ক্রিকেটই খেলছে টাইগাররা। যদিও ডমিঙ্গোর দাবি উন্নতির পথেই আছে বাংলাদেশ দল। এমনকি টেস্ট ম্যাচেও, 'মাস দুয়েক ধরে খুব কঠিন সময় যাচ্ছে, সন্দেহ নেই। টেস্ট ম্যাচে আমরা দল হিসেবে উন্নতি করছি। ফলাফলে হয়তো সেই প্রতিফলন নেই, তবে টেস্ট ম্যাচে আমরা আগের চেয়ে ভালো করছি।'
উন্নতির ধারাবাহিকতায় এবার নিউজিল্যান্ডেও ভালো কিছুর প্রত্যাশা করছেন এ কোচ, 'আমাদের দু-একজন বড় ক্রিকেটার এখানে নেই, যা খুব একটা আদর্শ নয়। তবে অনেক ইতিবাচক দিকও আছে এটির। অনেক তরুণ ক্রিকেটার এখানে এসেছে, যারা নিউজিল্যান্ডে খুব একটা টেস্ট খেলেনি। আগের পারফরম্যান্সের ক্ষত তাই তাদের থাকবে না। এটিকে ইতিবাচক হিসেবে দেখতে হবে আমাদের। আমরা জানি যে, টেস্ট ম্যাচে আমাদের রেকর্ড ভালো নয় এখানে। তবে আমরা রোমাঞ্চিত যে তরুণদের সামনে ভালো সুযোগ নিউজিল্যান্ডের স্বাদ পাওয়ার ও ভালো পারফর্ম করার।'