টিকা সনদ দেখিয়ে পাকিস্তান সিরিজে গ্যালারিতে ফিরবে দর্শক
করোনাভাইরাসের থাবায় লম্বা সময় ধরেই বাংলাদেশের দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন। গত বছর জিম্বাবুয়ে সিরিজের পর থেকেই দোয়ার বন্ধ তাদের। চার সিরিজ পর আবার দর্শকদের মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেই ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চূড়ান্ত করা হবে কত শতাংস দর্শক রাখা হবে গ্যালারিতে। বিসিবি সূত্রে জানা গেছে, সে পথে অনেকটাই অগ্রসর হয়ে গেছে বোর্ড। দেশে করোনাভাইরাস পরিস্থিতি অতি সহনীয় পর্যায়ে থাকায় সরকারের তেমন কোন আপত্তি নেই।
এছাড়া করোনার আরও ঊর্ধ্বগতির সময়েও ফুটবল মাঠে দর্শকদের প্রবেশের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
তবে আগের মতো যেকেউ টিকেট করেই মাঠে প্রবেশ করতে পারবে না। টিকেট কাটার আগে সংশ্লিষ্ট ক্রেতাকে দেখাতে হবে করোনাভাইরাসের টিকার সনদ। তবে যাদের বয়স ১৮ বছরের নিচে তারা টিকার সনদ ছাড়াই টিকেট করে মাঠে প্রবেশের সুযোগ পাবেন। সেক্ষেত্রে পরিচয়পত্র বহন করে বয়স প্রমাণ করতে হবে তাদের।
ধারণ ক্ষমতায় ৫০ শতাংশ টিকেট ছাড়ার ফলে দর্শকদের সামাজিক দূরত্ব বজায় থাকবে বলে আশাবাদী বিসিবি। প্রবেশের সুযোগ পাওয়া দর্শকদের মাস্ক পরার ব্যাপারেও থাকবে নির্দেশনা।
এদিকে বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব ক্রিকেট মাঠেই ফিরেছে দর্শক। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও দর্শকদের গ্যালারিতে বসার সুযোগ দিয়েছে আইসিসি। সেসব বিবেচনায় নিয়েই ইতিবাচক দিকে এগুচ্ছে বোর্ড।
বিশ্বকাপের পর পরই তিন টি-টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি, ২০ তারিখ একই ভেন্যুতে দ্বিতীয় ও ২২ নভেম্বর হবে শেষ ম্যাচ। এরপর দুদল যাবে চট্টগ্রামে। ২৬ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। ঢাকায় ফিরে ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্টে নামবে দুদল।
টিকেট সংক্রান্ত বিস্তারিত বিসিবি পরে গণমাধ্যমে প্রকাশ করবে।