টি-টোয়েন্টিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গাপটিল

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের  পর টানা খেলার ধকল থেকে বাঁচতে বিরাট কোহলি আছেন বিশ্রামে। নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না। সেই সুযোগে তাকে ছাড়িয়ে গেলেন নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন গাপটিলই সর্বোচ্চ রানের মালিক। শুক্রবার রাঁচিতে কোহলির রেকর্ড ভাঙ্গতে ১১ রান দরকার ছিল গাপটিলের। সেটা অনায়াসেই করে ফেলেন তিনি।

আগে ব্যাট করতে নেমে ১৫ বলে গাপটিল খেলেন ৩১ রানের ঝড়ো ইনিংস। এরপর দীপক চাহারের বলে ফেরেন তিনি। টি-টোয়েন্টিতে ১০৭ ইনিংস খেলে গাপটিলের রান এখন ৩ হাজার ২৪৮। ৮৭ ইনিংসে ৩ হাজার ২২৭ রান করা কোহলি আছেন দুইয়ে। এই দুজনের মধ্যে লড়াইয়া আগামীতেও বেশ জমবে বলে মনে হচ্ছে।

গাপটিলের রেকর্ড গড়ার দিনে অবশ্য তার দল ভারতের কাছে পাত্তাই পায়নি। আগে ব্যাট করে নিউজিল্যান্ড করে ১৫৩ রান। রানে ভরা উইকেটে ১৬ বল আগেই ওই রান পেরিয়ে জিতে যায় ভারত।

অধিনায়ক রোহিত শর্মা করেন ৩৬ বলে ৫৫, লোকেশ রাহুলের ব্যাট থেকে ৪৯ বলে ৬৫। ৭ উইকেটে জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয় ভারত।