টি-টোয়েন্টি দলে চমক আকবর-সাইফ, নেই মুশফিক-লিটন-সৌম্য  

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চমক হিসেবে দলে এসেছেন কিপার ব্যাটসম্যান আকবর আলি। আভাস অনুযায়ী দলে রাখা হয়নি অভিজ্ঞ মুশফিকুর রহিম, লিটন দাস ও সৌম্য সরকারকে। দলে এসেছেন সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, নাজমুল হোসেন শান্ত, শহিদুল ইসলাম। 

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিন ম্যাচের সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে দলে এসেছে ৬ বদল। সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন চোটে থাকায় দুটি বদল অনুমিতই ছিল। আপাতত টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়া হয়েছে লিটন, সৌম্যকে। এই দুজনের বদলে নেওয়া হয়েছে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তকে। 

অভিজ্ঞ মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে দলে রাখা হয়েছে ইয়াসির আলি চৌধুরী রাব্বিকে। সাইফুদ্দিনের চোটে বিশ্বকাপ স্কোয়াডে রুবেল হোসেনকে যুক্ত করা হলেও কোন কারণ ছাড়াই পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাকে বাদ দিয়ে নেওয়া হয়েছে শহিদুল ইসলামকে। ্লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও ঠাঁই করে নিয়েছেন জায়গা। 

নতুন আসাদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন - ইয়াসির, আকবর, শহিদুল। সাইফ হাসান টেস্ট খেললেও এখনো টি-টোয়েন্টি খেলেননি। নাজমুল শান্ত দেশের হয়ে কেবল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। 

আকবরের দলে আসা অবশ্য বেশ চমকের। গত কয়েকদিন ধরে চলা অনুশীলনেও ডাকা হয়নি তাকে। তিনি খেলছিলেন জাতীয় লিগে। তাকে সেখান থেকে ডাকা হয়েছে টি-টোয়েন্টি সিরিজে। 

১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে  দুপুর ২টায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ। ২০ তারিখ দ্বিতীয় ও ২২ নভেম্বর একই ভেন্যুতে হবে শেষ ম্যাচ।  

টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল:   মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক) , সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রব্বি, শহীদুল ইসলাম, আকবর আলী।