টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

আরব আমিরাতে হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ শেষ হতে না হতে বেজে উঠল আরেক বিশ্বকাপের দামামা। চূড়ান্ত হয়ে গেছে অস্ট্রেলিয়া বিশ্বকাপের গ্রুপিং ও সূচি। সুপার টুয়েলভে দুই নম্বর গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও প্রথম পর্ব উতরে আসা দুই দল।

শুক্রবার অস্ট্রেলিয়া বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২০ সালে এ আসরটি অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তা দুই বছর পিছিয়ে যায়।

২২ অক্টোবর গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ও দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার লড়াই দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম। তবে এর আগে ১৬ অক্টোবর থেকে শুরু হবে প্রথম পর্ব। শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে এ আসর।

প্রথম পর্বের ম্যাচগুলো হবে জিলং ও হোবার্টে। শ্রীলঙ্কা, নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ডের সঙ্গে প্রথম পর্বে খেলবে বাছাই উতরে আসা চার দল। আগের তিন আসরে প্রথম পর্বে খেলে বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলেও এবার র‌্যাঙ্কিংয়ে নিরাপদ অবস্থানে থাকায় সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু আগামী ২৪ অক্টোবর। হোবার্টে প্রথম রাউন্ডে 'এ' গ্রুপের রানার্স আপ দল টাইগারদের প্রথম প্রতিপক্ষ। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ। ব্রিজবেনের গ্যাবায় ৩০ অক্টোবর প্রথম রাউন্ডের 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে দলটি।

অ্যাডিলেইডে হবে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ। ২ নভেম্বর প্রতিপক্ষ ভারত। আর ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা।

সিডনিতে প্রথম সেমি-ফাইনাল ৯ নভেম্বর, পরদিন দ্বিতীয় সেমি-ফাইনাল অ্যাডিলেইডে। ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট মাঠে ফাইনাল দিয়ে শেষ হবে এ আসর।