টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং পরামর্শক প্রিন্স
কেবল জিম্বাবুয়ে সফরের জন্য অ্যাশওয়েল প্রিন্স নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটারকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অন্তত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকছেন দায়িত্বে।
গত জুনের শেষদিকে শ্রীলঙ্কার সাবেক তারকা রঙ্গনা হেরাথকে স্পিন বোলিং কোচ ও প্রিন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তখনই হেরাথের সঙ্গে চুক্তি করা হয় আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ পর্যন্ত। তবে প্রিন্সের সঙ্গে চুক্তি হয়েছিল শুধু জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য।
জিম্বাবুয়েতে তিন সংস্করণেই সিরিজ জেতা বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স ভালো হয়েছে। ক্রিকেটাররা প্রিন্সের কাজ নিয়ে সন্তুষ্ট। তাছাড়া, টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব বেশি দিন বাকি না থাকায় নতুন করে ব্যাটিং কোচ বা পরামর্শক খুঁজে বের করা কঠিন হবে। তাই সবকিছু মিলিয়ে প্রিন্সের মেয়াদ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
সোমবার গণমাধ্যমের কাছে আকরাম বলেছেন, 'এটা নিয়ে আমরা গত দুই-তিন দিন বৈঠক করেছি মাননীয় বোর্ড সভাপতির সঙ্গে। যেহেতু আমরা ওকে (প্রিন্সকে) শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য নিয়োগ দিয়েছিলাম। আমরা ফিডব্যাকও নিয়েছি কিছু, কিছু প্লেয়ারের সঙ্গে কথা বলেছি। দেখলাম, তারা বেশ আস্থা রেখেছে ওর উপর। ওরা তার কাজ নিয়ে সন্তুষ্ট।'
বিশ্বকাপে তো বটেই, পরবর্তীতেও প্রিন্স থাকতে পারেন বাংলাদেশের সঙ্গে, 'আমাদের পরিকল্পনা তাকে নিয়ে এগোনোর। যেহেতু বিশ্বকাপের আগে কোচ পাওয়া (কঠিন হবে), প্লেয়াররাও তার উপর আস্থা রেখেছে। জিম্বাবুয়েতে দেখলাম, কিছু ব্যাটসম্যান চমৎকার ব্যাটিং করেছে। সবকিছু মিলিয়ে আমরা চিন্তা করছি তাকে নিয়ে এগোতে। এতটুকু কনফার্ম, বিশ্বকাপ পর্যন্ত সে আছে, এর বাইরে কতদিন থাকবে সেটা আমরা ছয়-সাত দিনের মধ্যে জানিয়ে দিব।'
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬ টেস্ট খেলেছেন বাঁহাতি প্রিন্স। ৪১.৬৪ গড়ে ৩৬৬৫ রান আছে তার নামের পাশে। প্রথম অশ্বেতাঙ্গ ক্রিকেটার হিসেবে প্রোটিয়াদের দুটি টেস্টে নেতৃত্ব দেওয়া প্রিন্সের ওয়ানডে রেকর্ড অবশ্য ঝলমলে নয়। ৫২ ম্যাচ খেলে মোটে করেছেন ১০১৮ রান। তিনি টি-টোয়েন্টি খেলেছেন কেবল একটি। আইসিসি লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করে তিনি কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা 'এ' দলের হয়ে।