টেস্ট থেকে অবসরের কারণ ‘অতি শীঘ্রই’ জানাবেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

দেড় বছর পর জিম্বাবুয়ে সফরে টেস্টে ডাক পাওয়া, আটে নেমে সেঞ্চুরির পর নাটকীয়ভাবে অবসর নেওয়া নিয়ে এতদিন কোন ব্যাখ্যা দেননি মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশের গণমাধ্যমের সামনে হাজির হয়ে এবারও রহস্য রেখে দিলেন। জানালেন, বিষয়টি নিয়ে অতি শীঘ্রই কথা বলবেন তিনি।

গত বছর পাকিস্তানের বিপক্ষে টেস্টের পর দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ। পরে লাল বলের চুক্তিতেও রাখা হয়নি তাকে। এরপর জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেও বিবেচিত হননি।

কিন্তু হুট করেই জিম্বাবুয়ের বিপক্ষে দলে ফেরানো হয় অভিজ্ঞ এই ক্রিকেটারকে। হারারেতে খেলানো হয় ৮ নম্বর ব্যাটসম্যান হিসেবে। দলের বিপর্যয়ে আটে নেমে করে ফেলেন ক্যারিয়ার সেরা অপরাজিত ১৫০ রান।

তখন মনে হচ্ছিল শেষ হতে যাওয়া তার টেস্ট ক্যারিয়ার হয়ত ফের পুনরুজ্জীবিত হলো। সেই সম্ভাবনা মিটে যায় ওই টেস্টেই। বিভিন্ন সূত্রে জানা যায় তার টেস্ট ছেড়ে দেওয়ার খবর। নিজে কিছু না বললেও হারারে টেস্টের শেষ দিন বাংলাদেশ দল তাকে দেয় 'গার্ড অব অনার'। টেস্ট অধিনায়ক মুমিনুল হক মাহমুদউল্লাহর অবসরের কথা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি। পুরো টিম ম্যানেজমেন্ট তার অবসর নিয়ে অস্বাভাবিক রসহ্যের সৃষ্টি করে।

জিম্বাবুয়ে সফরের সময় মাহমুদউল্লাহ কোন সংবাদ সম্মেলনেও হাজির হননি। এই বিষয়ে তার মনোভাব জানার সুযোগও হয়নি। 

সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পাওয়া যায় বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে। এই নাটকীয় অবসর নিয়ে সংবাদ মাধ্যম এবং ভক্তরা কোন ধারণা পেতে পারেন কিনা, জানতে চাওয়া হয়েছিল তার কাছে।  ছোট উত্তরে প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বিষয়টি অতি দ্রুত খোলাসা করার ইচ্ছার কথা জানান তিনি, 'প্রথমত আমি একটা জিনিস পরিস্কারভাবে বলতে চাই। আমি শুধু মাত্র এই সিরিজটা নিয়েই ভাবিত। এই বিষয়ে আপনাদেরকে আমি হয়ত অতি শীঘ্রই বিস্তারিত জানাতে পারব।'