ট্রেন্ট ব্রিজের রোমাঞ্চ ভাসিয়ে নিল বেরসিক বৃষ্টি

স্পোর্টস ডেস্ক

মঞ্চ ছিল দারুণ লড়াইয়ের। ভারতের দিকে পাল্লা হেলে থাকলেও চ্যালেঞ্জ জানাচ্ছিল ইংল্যান্ডও। শেষ দিনের এমন উত্তেজনা ঠাণ্ডা হয়ে গেল বৃষ্টির জলে। পঞ্চম দিনে হতে পারল না এক বলও। বেরসিক বৃষ্টির বাগড়ায় বাধ্য হয়ে ড্র মেনে নিতে হয়েছে দুদলকে।

রোববার নটিংহ্যামে সকাল থেকেই ঝরতে থাকে বৃষ্টি। বার কয়েক তীব্রতা কমে এলেও ট্রেন্ট ব্রিজের মাঠে খেলা শুরুর পরিস্থিতি তৈরি করা যায়নি। বিকেল থেকে আরেক দফা বৃষ্টির মাত্রা বেড়ে গেলে সব সম্ভাবনা শেষ হয়ে যায়।  ভারত-ইংল্যান্ডের পাঁচ টেস্টের প্রথমটি তাই থাকল অমীমাংসিত।

চতুর্থ দিনে লড়াই হয়েছিল জম্পেশ লড়াই। ৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে  অধিনায়ক জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ড করে ৩০৩ রান।  ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৫ উইকেট তুলে ভারতের নায়ক বনে জাসপ্রিট বুমরাহ।

ম্যাচ জিততে ২০৯ রানের লক্ষ্য পাওয়া ভারত দিন শেষে ১ উইকেটে তুলে ৫২ রান। শেষ দিনে ম্যাচ জিততে ভারতের দরকার ছিল ১৫৭ রান, ইংল্যান্ডের ৯ উইকেট। সম্ভাবনার পাল্লা ভারতের দিকে কিছুটা হেলে থাকলেও কন্ডিশন বলছিল সবই সম্ভব। কিন্তু সব সম্ভাবনা শেষ পর্যন্ত ধুয়ে-মুছে গেল বৃষ্টির জলে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৮৩

ভারত প্রথম ইনিংস: ২৭৮

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩০৩

ভারত দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ২০৯) (আগের দিন ৫২/১) (রোহিত ১২*, পুজারা ১২*; অ্যান্ডারসন ০/১২, ব্রড ১/১৮, রবিনসন ০/২১)।

ফল: ম্যাচ ড্র।