ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে চালিয়ে নেওয়া হচ্ছে: জালাল
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর থেকেই দেশের ক্রিকেট অঙ্গনে চর্চা হচ্ছে রাসেল ডমিঙ্গোকে নিয়ে। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তার পদ অনেকটাই নড়বড়ে অবস্থায় রয়েছে। এমনকি সবশেষ নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুইতে ঐতিহাসিক টেস্ট জয়ের পরও তাকে নিয়ে সমালোচনা থামছে না। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, যেহেতু হাতে কোনো বিকল্প নেই, সেহেতু ডমিঙ্গোকে দিয়ে চালিয়ে নিচ্ছেন তারা।
সিলেটে চলছে বিসিএলের ওয়ানডে সংস্করণের আসর স্বাধীনতা কাপ। বৃহস্পতিবার সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন গত ডিসেম্বরে আকরাম খানের জায়গায় ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পাওয়া জালাল।
হাতে বিকল্প কোচ না থাকায় আপাতত দক্ষিণ আফ্রিকান ডমিঙ্গোই তার পদে আসীন থাকছেন বলে উল্লেখ করেছেন জালাল, 'আপনারা জানেন, এখনও পর্যন্ত আমাদের কাছে কিন্তু (বিকল্প) প্রধান কোচ নেই। আমরা জেমি সিডন্সকে নিয়ে এসেছি ব্যাটিং পরামর্শক হিসেবে। তিনি ফেব্রুয়ারির শুরুতে আমাদের এখানে আসবেন। কয়েক দিন আগে আপনাদেরকে মাননীয় সভাপতিও জানিয়েছেন, যেহেতু বিকল্প প্রধান কোচ নেই এবং ডমিঙ্গোর সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে, সেহেতু তাকেই চালিয়ে নিচ্ছি।'
'আসলে প্রধান কোচ, নির্বাচক প্যানেল- এসব কিন্তু বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। যেহেতু টানা খেলা, নিউজিল্যান্ড থেকে এসে বিপিএল, এরপর আফগানিস্তান আসবে, এটা শেষ হলেই (বাংলাদেশ দল) যাবে দক্ষিণ আফ্রিকা। এই ব্যস্ততা ও যেহেতু একটা চুক্তি তার (ডমিঙ্গো) সঙ্গে করা হয়েছে, সেহেতু তাকে চালিয়ে নেওয়া হচ্ছে।'
ক্যারিবিয়ান পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। কোন পর্যায়ে কাজ করবেন সেটা নির্ধারিত না হলেও ব্যাটিং পরামর্শক হিসেবে ইতোমধ্যে অস্ট্রেলিয়ান সিডন্সকে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় দলের গোটা কোচিং প্যানেল নিয়ে জালাল বলেছেন, 'তবে আমাদের অন্য চিন্তাও আছে পুরো কোচিং প্যানেল নিয়ে। গিবসন চলে গেলেন, ওদিকে সিডন্স আসবেন।'