ডাবল সেঞ্চুরির আশা জাগিয়ে পারলেন না বিজয়

ক্রীড়া প্রতিবেদক

৩৫ বলে ফিফটি, ৭৫ বলে সেঞ্চুরি, ১১৭ বলে দেড়শ। ধুন্ধুমার ব্যাটিংয়ে এনামুল হক বিজয় ছুটছিলেন ডাবল সেঞ্চুরির দিকে। লিস্ট 'এ' ক্রিকেটে যে কীর্তি আছে বাংলাদেশের একজনেরই- সৌম্য সরকারের। কিন্তু আশা জাগিয়েও তার পাশে বসতে পারলেন না বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনারের বিস্ফোরক ইনিংস থামল ১৮৪ রানে।

রোববার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে তাণ্ডব চালান বিজয়। চলমান আসরে ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে ছোটান চার-ছক্কার ফুলঝুরি। ১৪২ বলের ইনিংসে ১৮ চারের সঙ্গে তিনি মারেন ৮ ছক্কা। টস হেরে ব্যাটিংয়ে নেমে তার নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮৮ রানের পাহাড় গড়েছে প্রাইম ব্যাংক।

অনেক দিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা বিজয়ের লিস্ট 'এ' ক্রিকেটে এটি ১৪তম সেঞ্চুরি। এই সংস্করণে এটি তার ক্যারিয়ারের সেরা ইনিংসও। তার আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ১৫০ রান। ২১টি হাফসেঞ্চুরিও আছে তার নামের পাশে।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বিজয়। ইনিংসের প্রথম দুই বলে পেসার আসাদুজ্জামান পায়েলকে তিনি মারেন চার। প্রথমটি ডিপ স্কয়ার লেগ দিয়ে, পরেরটি ডিপ মিড উইকেট দিয়ে। এরপর একে একে তার আগ্রাসনের শিকার হন শাইনপুকুরের বাকি বোলাররা। শেষ পর্যন্ত অবশ্য পায়েলেই কুপোকাত হন বিজয়। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে তিনি ফেরেন সাজঘরে।

বিধ্বংসী ব্যাটিংয়ের পথে শাহাদাত হোসেন দিপুর সঙ্গে মাত্র ২২ ওভারে ১৬২ রানের উদ্বোধনী জুটি গড়েন বিজয়। দিপুর ব্যাট থেকে আসে ৪৭ বলে ৪৭ রান। এরপর আরও দুটি ভালো জুটিতে অগ্রণী ভূমিকা রাখেন উইকেটরক্ষক বিজয়। ভারতের অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে ৭৬ ও অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৪৮ রান যোগ করেন তিনি।

প্রিমিয়ার লিগের এবারের আসরে ২৯ বছর বয়সী বিজয় যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন! এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের সবকটিতে রান পেয়েছেন তিনি। দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে অতিমানবীয় ৯১.৪ গড়ে তার মোট রান ৪৫৭।

সিটি ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচে ৬০ রান করে প্রিমিয়ার লিগ শুরু করেন বিজয়। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে পরের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি খেলেন ১২৭ রানের ঝলমলে ইনিংস। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে তারপর আবার ফিফটি। ওই ম্যাচে ৫৩ করার পর খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে তিনি আউট হন ৩৩ রানে। এবার শাইনপুকুরের বিপক্ষে আসরের ইতিহাসের অন্যতম স্মরণীয় ইনিংস এলো তার ব্যাট থেকে।

উল্লেখ্য, ২০১৯ সালের প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে ২০৮ রানের অসাধারণ এক অপরাজিত ইনিংস খেলেন সৌম্য। যা লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ডাবল সেঞ্চুরি। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ১৫৩ বল মোকাবিলায় বাঁহাতি সৌম্য সেদিন মেরেছিলেন রেকর্ড ১৬ ছক্কা।