ডাবল সেঞ্চুরি হাতছাড়া নাহিদুলের
ফার্স্ট ক্লাস তো বটেই, ক্রিকেটের অন্য কোনো সংস্করণেই সেঞ্চুরি ছিল না নাহিদুল ইসলামের। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচটাই যেন ছিল তার। তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এমনকি সেই সেঞ্চুরিটি হতে পারতো ডাবলও। অল্পের জন্যই আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন খুলনা বিভাগের এ অলরাউন্ডারের।
সিলেট জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে নাহিদুলের দারুণ সেঞ্চুরিতেই ঢাকা বিভাগের চেয়ে প্রথম ইনিংসে ৩৩৩ রানে এগিয়ে আছে খুলনা। প্রথম ইনিংসে ৪১৯ রান সংগ্রহ করেছে দলটি। আর নিজেদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ৮৬ রান তুলেছে ঢাকা।
আগের দিনই সেঞ্চুরির কাছাকাছি ছিলেন নাহিদুল। ব্যক্তিগত ৭৭ রান নিয়ে এদিন ব্যাট করতে নামেন। নাজমুল ইসলাম অপুর বলে লংঅন সীমানা দিয়ে চার মেরেই সেঞ্চুরি উদযাপন করেন তিনি। ১১৭ বলে সেঞ্চুরি স্পর্শ করা এ ব্যাটার আউট হয়েছেন পেসার এনামুল হকের বলে। শেষ পর্যন্ত ২৫৬ বলে ১২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৭৫ রান করেন তিনি।
আগের দিনের ৬ উইকেটে ২৩১ রান নিয়ে ব্যাট করতে নামা খুলনা দলের হয়ে নাহিদুলের সঙ্গে ব্যাটিং নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। এ দুই ব্যাটার সপ্তম উইকেটে যোগ করেন ১৪৭ রান। এরপর মৃত্যুঞ্জয়ের সঙ্গেও ৭৭ রানের জুটি গড়েছিলেন নাহিদুল। তাতেই সংগ্রহটা বড় হয় দলটির। ১১৩ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৬৭ রান করেন মিরাজ।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে ঢাকা। আব্দুল মজিদ তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। ৯২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করে অপরাজিত আছেন। ১২৫ বলে ৩৪ রান করে উইকেট আছেন রনি তালুকদার।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে দ্বিতীয় দিন শেষে ১৭৭ রানে এগিয়ে আছে বরিশাল বিভাগ। আগের দিনের ৭ উইকেটে ৩৬০ রান নিয়ে ব্যাট করতে নামা বরিশাল এদিন আরও ৪৪ রান যোগ করে। ১৪৮ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৮৪ রানের ইনিংস খেলেন শামসুল ইসলাম। ১২৫ রানের খরচায় ৪টি উইকেট পেয়েছেন রাজশাহীর তাইজুল ইসলাম।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২২৭ রান তুলেছে রাজশাহী। দারুণ ব্যাটিং করছিলেন নাজমুল হোসেন শান্ত ১১৪ বলে ৬৮ রান তোলার পর মনির হোসেনের বলে পড়েন এলবিডাব্লিউর ফাঁদে। তৌহিদ হৃদয় ৫০ ও ফরহাদ হোসেন ২৬ রানে ব্যাট করছেন। ২টি উইকেট পেয়েছেন বরিশালের মনির।
দিনের অপর ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ১২১ রানে গিয়ে আছে রংপুর। আগের দিনের ১ উইকেটে ৩২ রান নিয়ে ব্যাটিংয়ে নামা রংপুরের সংগ্রহে ভিত গড়ে দেন ওপেনার মাইশুকুর রহমান। ২০৩ বলে ৭২ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। ধীমান ঘোষ করেন ৩৬ রান। সিলেটের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন এনামুল হক জুনিয়র ও শাহানুর রহমান।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৩২ রান তুলেছে সিলেট। অমিত হাসান ২৮ ও শানাজ আহমেদ ২ রানে উইকেটে আছেন।