ডিমেরিট পয়েন্ট পেল পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের ভেন্যু

স্পোর্টস ডেস্ক

শাস্তির শঙ্কা ছিলই। সেটা রূপ নিল বাস্তবে। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের উইকেটকে 'গড়পড়তা মানের চেয়ে নিচে' রেটিং দিয়েছেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। ফলে ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডির নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

২৪ বছর পর প্রথমবারের মতো পাকিস্তান সফরে গেছে অস্ট্রেলিয়া। কিন্তু দুই দলের প্রথম টেস্টে ছিল না বিন্দুমাত্র উত্তেজনা। ব্যাটিং স্বর্গে রান উৎসব করেন ব্যাটাররা। উইকেট থেকে কোনো সহায়তা না পাওয়া বোলারদের পার করতে হয় কঠিন সময়।

গত ৪ থেকে ৮ মার্চ পর্যন্ত চলা টেস্টে স্কোরবোর্ডে ওঠে মোট ১১৮৭ রান। বিপরীতে, পাঁচ দিনে উইকেট পড়ে কেবল ১৪টি। বৃহস্পতিবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাদুগালে তার প্রতিবেদনে বলেছেন, ব্যাট ও বলের সমান তালে লড়াইয়ের বিষয়টি নিশ্চিত করতে পারেনি রাওয়ালপিন্ডির উইকেট।

'পাঁচ দিনে পিচের চরিত্র খুব কমই পরিবর্তিত হয়েছে এবং বাউন্স কিছুটা কম হওয়া ছাড়া কোনো ধরনের বদল হয়নি। পিচে পেসারদের জন্য খুব বেশি গতি ও বাউন্স ছিল না। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পিনারদেরও সহায়তা করেনি। আমার মতে, এটা ব্যাট ও বলের মধ্যে সমান তালে প্রতিযোগিতাকে উপস্থাপন করতে পারেনি। তাই আইসিসির নির্দেশনা মেনে আমি এই পিচকে গড়পড়তা মানের চেয়ে নিচে রেটিং দিয়েছি।'

প্রথমবারের মতো পাকিস্তানের কোনো ভেন্যু ডিমেরিট পয়েন্ট পেল। দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন মুখপাত্র বলেছেন, 'আমরা আইসিসির সিদ্ধান্ত বিশ্লেষণ করেছি এবং মেনে নিয়েছি।'

নিষ্প্রাণ ড্র হওয়া রাওয়ালপিন্ডি টেস্টের উইকেটকে 'মৃত' বলেছিলেন তারকা অজি ব্যাটার স্টিভেন স্মিথ। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছিলেন, এই পিচ 'টেস্ট ক্রিকেটের জন্য কোনো ভালো বিজ্ঞাপন হতে পারে না'। তবে 'বাজে' বা 'অনুপযুক্ত' হিসেবে চিহ্নিত হলে যথাক্রমে তিন বা পাঁচটি ডিমেরিট পয়েন্ট জুটত ভেন্যুটির ভাগ্যে।

কোনো ভেন্যু পাঁচ বছরের মধ্যে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে পড়তে হয় বড় শাস্তির মুখে। সেখানে পরবর্তী ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।