ডিসেম্বরে শুরু বিসিএল, এবার থাকবে ওয়ানডেও
ফ্রেঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর আসর হিসেবেই পরিচিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। তবে এর আগে একবার বিসিএলে হয়েছিল ৫০ ওভারের ম্যাচও। চলতি মৌসুমেও বিসিএলে ওয়ানডে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শেষ হয়ে গেলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মাঠে গড়াবে বিসিএল। চার ফ্রেঞ্চাইজিকে নিয়ে শুরুতে হবে চারদিনের ম্যাচই।
সিঙ্গেল লিগ ভিত্তিক সেই আসরের সেরা দুই দল খেলবে ফাইনাল। এরপর মাঠে গড়াবে বিসিএল ওয়ানডে। ওয়ানডেও হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতেই। সেরা দুই দল খেলবে ফাইনালে।
বৃহস্পতির মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন, বিসিবির সর্বশেষ কমিটির গেম ডেভোলাপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে সভায় বসেন ফ্রেঞ্চাইজি প্রতিনিধিরা।
সেখানেই প্রথম শ্রেণীর ম্যাচের সঙ্গে ওয়ানডে আয়োজনেরও পরিকল্পনা ঠিক করা হয়েছে। সভায় থেকে বেরিয়ে সুজন গণমাধ্যমকে জানান, 'বিসিএলে ওয়ানডে সংস্করণের কথা চিন্তা করা হচ্ছে । যেহেতু ঘরোয়াতে অনেক দিন খেলা নেই ওয়ানডে ফরম্যাটে। ওনারা (ফ্রেঞ্চাইজি) চাচ্ছিলেন টি-টোয়েন্টি। আমাদের হাতে সময়ও নেই যে এই সময়ে ডাবল লিগ শেষ করতে পারব, সেজন্য সিঙ্গেল লিগ হবে। আবার বিপিএলও আছে সামনে। সূচি ঠাসা হয়ে গেছে। তবে একটা ওয়ানডে ফরম্যাটে টুর্নামেন্ট হতে পারে।'
এর আগে ২০১৫ সালের বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বিসিএলে হয়েছিল ওয়ানডে।
দেশের আট বিভাগকে চারটি অঞ্চলে ভাগ করে আয়োজিত হয় বিসিএল। ঢাকা ও ময়মনসিংহ বিভাগকে নিয়ে মধ্যাঞ্চলের ফ্রেঞ্চাইজি ওয়ালটন গ্রুপের। বরিশাল ও খুলনা বিভাগকে নিয়ে দক্ষিণাঞ্চলের ফ্রেঞ্চাইজির চালায় বিসিবি। সিলেট ও চট্টগ্রাম বিভাগকে নিয়ে বানানো পূর্বাঞ্চলের সত্ত্ব ইসলামি ব্যাংকের কাছে। আর রংপুর ও রাজশাহী বিভাগকে নিয়ে উত্তরাঞ্চল দলটিও পরিচালনা করে বিসিবিই।